ATN News
শিরোনাম
  •  

পরিচালনায় নাম লেখানোর পরিকল্পনা করছেন রণবীর কাপুর

         
পরিচালনায় নাম লেখানোর পরিকল্পনা করছেন রণবীর কাপুর

পরিচালনায় নাম লেখানোর পরিকল্পনা করছেন রণবীর কাপুর

বলিউডে অভিনয়ের পাশাপাশি এবার চলচ্চিত্র পরিচালনায় নাম লেখানোর পরিকল্পনা করছেন রণবীর কাপুর। নিজের প্রথম সিনেমার চিত্রনাট্য লেখার কাজও শুরু করেছেন তিনি। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে পরিচালক হিসেবে অভিষেক হতে পারে তার। সম্প্রতি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে গিয়ে অভিনেতা বলেছেন, ‘অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক।’

‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমার প্রচারের অংশ হিসেবে সহশিল্পী সাই পল্লবীর সঙ্গে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। সেখানে পরিচালনায় আগ্রহের কারণ এবং নিজের প্রথম সিনেমার সম্ভাব্য বিষয়বস্তু নিয়েও কথা বলেন তিনি।

রণবীর জানান, কয়েক মাস আগে থেকেই নিজের প্রথম সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। তবে লেখালেখির অভিজ্ঞতা তাকে সৃজনশীল কাজের জটিলতা সম্পর্কে নতুন উপলব্ধি দিয়েছে। তার মতে, একটি মৌলিক সৃষ্টি তৈরি করা বেশ কঠিন। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে লেখক ও পরিচালকদের কাজের প্রতি তার শ্রদ্ধা আরও বেড়েছে।

পরিচালক হওয়ার আগ্রহের ব্যাখ্যায় রণবীর জানান, একটি গল্পকে পর্দায় তুলে ধরতে পরিচালককে অনেক মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হয়। গল্পের পরিকল্পনা থেকে শুরু করে সেটিকে বাস্তবে রূপ দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার মধ্যে এক ধরনের সৃজনশীল আনন্দ রয়েছে। সেই অভিজ্ঞতা অর্জন করতেই পরিচালনায় আসতে চান তিনি।

প্রথম সিনেমার গল্প বা ধরন এখনো চূড়ান্ত করেননি এই তারকা। তবে ‘লাইফ ইজ বিউটিফুল’, ‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’ এবং রাজকুমার হিরানির নির্মিত সিনেমাগুলো তার বিশেষ পছন্দের। এসব চলচ্চিত্রের আবহ থেকে অনুপ্রাণিত হয়ে আবেগঘন ও ইতিবাচক বার্তাসমৃদ্ধ একটি পারিবারিক গল্প নির্মাণের ইচ্ছা রয়েছে তার।

অভিনয়ের ব্যস্ততার মধ্যেও পরিচালনার প্রস্তুতির জন্য সময় বের করার পরিকল্পনা রয়েছে তার। বছরে সাধারণত ১০০ থেকে ১২৫ দিন কাজ করেন বলে জানিয়েছেন অভিনেতা। ফলে চিত্রনাট্য লেখা ও নির্মাণের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া সম্ভব বলে মনে করছেন তিনি। তবে নতুন দায়িত্ব নেওয়ার আগে হাতে থাকা সিনেমাগুলোর কাজ শেষ করতে চান। ‘ব্রহ্মাস্ত্র ২’, ‘অ্যানিম্যাল ২’ এবং ‘রামায়ণ: পার্ট টু’-এর কাজ শেষ করে পরিচালনায় পুরোপুরি মনোযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে প্রথম সিনেমার শুটিং শুরু করতে চান তিনি।

পরিচালনায় আগ্রহের পেছনে পারিবারিক চলচ্চিত্র-ঐতিহ্যের প্রভাবও রয়েছে। তার বাবা প্রয়াত ঋষি কাপুর ১৯৯৯ সালে ‘আ আব লট চালে’ সিনেমা পরিচালনা করেছিলেন। কিশোর বয়সে বাবার সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছিল রণবীরের। পরবর্তী সময়ে সঞ্জয় লীলা বানসালির ‘ব্ল্যাক’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন তিনি। এসব অভিজ্ঞতা চলচ্চিত্র নির্মাণের প্রতি তার আগ্রহ তৈরিতে ভূমিকা রেখেছে।

বর্তমানে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। এতে সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। এ ছাড়া সামনে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’সহ আরও কয়েকটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তার।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ