ATN News
শিরোনাম
  •  

প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার প্রস্তাবে রাজি নন: ডানা হোয়াইট

         
প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার প্রস্তাবে রাজি নন: ডানা হোয়াইট

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার প্রস্তাবে রাজি নন: ডানা হোয়াইট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ডানা হোয়াইট। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নতুন প্রেস সেক্রেটারি হিসেবে হোয়াইটের নাম ঘোষণা করেন ট্রাম্প। একই সঙ্গে তাকে দায়িত্ব গ্রহণের আহ্বানও জানান তিনি।

পোস্টে মার্কিন প্রেসিডেন্ট তাকে ‘লড়াকু যোদ্ধা’ হিসেবে অভিহিত করেন। পাশাপাশি ইউএফসির ছয়জন যোদ্ধাকে সহকারী হিসেবে সঙ্গে রাখার পরামর্শ দেন। তাদের ছবিও পোস্টের সঙ্গে যুক্ত করেন তিনি।

ট্রাম্প লেখেন, ‘উন্মাদ বামপন্থীদের হাত থেকে আমাদের রক্ষা করতে এসব মানুষকে প্রয়োজন। ডানা হবেন অন্য রকম প্রেস সেক্রেটারি। ডানা, দয়া করে দায়িত্বটি গ্রহণ করুন।’

তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি ছিল নিছক রসিকতা। অন্যদিকে, এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো মন্তব্য করেননি ইউএফসি প্রধান। শুধু জানান, সোমবার ওয়াশিংটন ডিসিতে গিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তার।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদটি নিয়ে ট্রাম্প প্রশাসনে সাম্প্রতিক সময়ে একাধিক পরিবর্তন এসেছে। ক্যারোলাইন লেভিট দায়িত্ব ছাড়ার পর নতুন মুখ হিসেবে কেটি জাকারাইয়াকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় তাকে সরিয়ে দেওয়া হয়। একটি সংবাদ সম্মেলন যথাযথভাবে সামলাতে ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেস সেক্রেটারি হিসেবে এটিই ছিল সবচেয়ে স্বল্প সময়ের দায়িত্ব পালনের ঘটনা।

এর আগে প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর গত আগস্টে পদত্যাগ করেন লেভিট। সন্তানদের সঙ্গে বেশি সময় কাটানোর জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন। চলতি মাসে তিনি ফক্স নিউজে যোগ দিয়েছেন।

প্রেস সেক্রেটারি পদে নিয়োগ নিয়ে এই টানাপোড়েনের মধ্যে প্রশাসনের ওপর রাজনৈতিক চাপও বাড়ছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন তদন্তের ঘোষণা দিয়েছে দলটি। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এই পদে যোগ্য ও গ্রহণযোগ্য কাউকে নিয়োগ দেওয়া প্রেসিডেন্টের জন্য কঠিন হয়ে উঠতে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

ট্রাম্পের সঙ্গে ডানা হোয়াইটের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রিপাবলিকান পার্টির সর্বশেষ তিনটি জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার পাশাপাশি ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের প্রচারেও সক্রিয় ভূমিকা পালন করেন তিনি

চলতি বছরের শুরুর দিকে এক বক্তব্যে ট্রাম্প জানিয়েছিলেন, তরুণ ভোটার ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হোয়াইট। বিশেষ করে তরুণ ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়ে বিস্তারিত জানতে হোয়াইট হাউস ও ইউএফসির সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ