ATN News
শিরোনাম
  •  

ইরানের আকাশে সীমিত মাত্রায় হামলা হয়েছে: ট্রাম্প

         
ইরানের আকাশে সীমিত মাত্রায় হামলা হয়েছে: ট্রাম্প

ইরানের আকাশে সীমিত মাত্রায় হামলা হয়েছে: ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের পর মার্কিন বাহিনী ইরানে ‘সীমিত মাত্রায় হামলা পরিচালনা করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে এ হামলা পরিচালনা করা হয়েছিল।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে সীমিত মাত্রায় হামলা পরিচালনা করেছে। এতে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়। ট্রাম্প সর্বশেষ এই সামরিক পদক্ষেপকে ‘সামান্য’ বলেও উল্লেখ করেন।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে কেশম ও হাঙ্গাম দ্বীপ এবং মূল ভূখণ্ডের বন্দর আব্বাস এলাকায়ও বিস্ফোরণের খবর পাওয়া যায়।

মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই অভিযানকে ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হওয়ার পর, শুক্রবারের এই হামলাটিই ছিল ইরানে প্রথম সামরিক পদক্ষেপ।

নির্বাচনী এই বিপর্যয়ের অন্যতম কারণ ছিল ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো এবং জ্বালানির উচ্চমূল্য নিয়ে ভোটারদের অসন্তোষ। যুদ্ধের কারণে জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধি বিশ্ব অর্থনীতির প্রায় প্রতিটি অংশকেই প্রভাবিত করেছে। তারপর থেকেই ট্রাম্প প্রায়শই ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়ে আসছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে, এই যুদ্ধের একটি সমাধান হয়তো খুব কাছেই রয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সবচেয়ে জটিল সমস্যাগুলোর একটি হিসেবে রয়ে গেছে। ট্রাম্প বরাবরই বলে আসছেন যে, যুদ্ধ অবসানের লক্ষ্যে যেকোনো চুক্তির ক্ষেত্রে এই সমস্যার সমাধান হওয়া আবশ্যক। শুক্রবার গভীর রাতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক কর্মসূচি—যার মধ্যে রয়েছে বিভিন্ন স্থাপনা, সরঞ্জাম এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিরা (যেমন—বৈজ্ঞানিক সম্প্রদায়ের সদস্য)—অথবা এসবের স্থানান্তর সংক্রান্ত তথ্যের বিনিময়ে ‘২ কোটি ডলার পর্যন্ত পুরস্কার এবং প্রয়োজনে স্থানান্তরের সুবিধা’ দেওয়ার প্রস্তাব দিচ্ছে।

পোস্টটিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির একটি লিঙ্কও যুক্ত ছিল। তবে শুক্রবার দিনের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট করেছেন যে, ইরানের সঙ্গে মধ্যস্থতাকারীদের আলোচনা অব্যাহত থাকবে।

ট্রাম্প বলেছেন, “আমরা ইরানের সঙ্গে আলোচনা করছি এবং এটা অব্যাহত থাকবে।”

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ