ATN News
শিরোনাম
  •  

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান বাড়াতে পিস ইউনিভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত

         
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান বাড়াতে  পিস ইউনিভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান বাড়াতে পিস ইউনিভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষরিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গবেষণা কার্যক্রম জোরদারে যৌথভাবে কাজ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও জাতিসংঘের উদ্যোগে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি ফর পিস (ইউপিস) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট।

গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ট্রাম্প সেন্টারে’ তিন প্রতিষ্ঠানের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, ইউনিভার্সিটি ফর পিসের ডিন প্রফেসর মিহির এবং কোডার্সট্রাস্টের সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আজিজ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থী, শিক্ষক ও স্নাতকদের জন্য ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ, শান্তিশিক্ষা এবং পেশাগত উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। অনলাইন, অফলাইন ও ব্লেন্ডেড পদ্ধতিতে এসব কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, ওয়েব ও সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ডেটা ব্যবস্থাপনা, ফ্রিল্যান্সিং এবং উদ্যোক্তা উন্নয়ন। পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার পরামর্শ, কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন এবং পেশাগত জীবনে প্রবেশের সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য শিক্ষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি। এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকেরা আধুনিক ডিজিটাল প্রযুক্তি, শান্তিশিক্ষা, মানবাধিকার এবং সংঘাত নিরসন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি এসব বিষয় পাঠদান ও শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, তিন প্রতিষ্ঠানের এই যৌথ উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের মানসম্মত শিক্ষা (এসডিজি-৪), শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি (এসডিজি-৮) এবং শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান (এসডিজি-১৬) অর্জনেও সহায়ক হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ