ATN News
শিরোনাম
  •  

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে উত্তাল কলেজ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

         
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে উত্তাল কলেজ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে উত্তাল কলেজ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। মধ্যরাতে পুলিশের অভিযানে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। একই সঙ্গে অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

আজ শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে কলেজের মূল ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এসব দাবি তুলে ধরেন। এর আগে কলেজের সামনের সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে নীলক্ষেত মোড় থেকে আজিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দুটি দাবি জানান। প্রথম দাবিতে তারা বলেন, মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগ তদন্তে আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে ঘটনায় জড়িত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

দ্বিতীয় দাবিতে শিক্ষার্থীরা অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে কলেজ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। তার পদত্যাগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজের সব প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীরা জানান, দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

প্রসঙ্গত, অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে গতকাল (৫ নভেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীরা। একপর্যায়ে তাকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন তারা। প্রায় ১৩ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে। এ সময় পুলিশি অভিযানে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের অভিযোগ ওঠে।

আন্দোলনকারীদের দাবি, মধ্যরাতে পুলিশি ‌হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। একইসঙ্গে পুলিশের বিরুদ্ধে হাতুড়িপেটা ও এক নারী শিক্ষার্থীর চুল এবং হিজাব ধরে টানাটানিও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ