ATN News
শিরোনাম
  •  

শ্রমিক আন্দোলনে বাড়তি বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

         
শ্রমিক আন্দোলনে বাড়তি বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

শ্রমিক আন্দোলনে বাড়তি বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

চলমান আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ বুধবার সচিবালয়ে সংশোধিত সাইবার সুরক্ষা আইনের খসড়া পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

শ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ যা হয়েছে কোথাও যদি হয়ে থাকে, এটাকে আন্দোলন নাকি রাজনৈতিক অ্যাজেন্ডা নাকি সহিংসতা, এটা নতুন করে সংজ্ঞায়িত করতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার আগেই মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে। শ্রমিকপক্ষের প্রতিনিধি মনোনয়নে কিছুটা বিলম্ব হওয়ায় বোর্ড গঠনে সময় লাগলেও প্রতিনিধি পাওয়ার পরদিনই বোর্ড গঠন করা হয়েছে। বুধবার বোর্ডের প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, মজুরি বোর্ডে মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধি রয়েছেন। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয়, অতীতের মজুরি বৃদ্ধির হার এবং মালিকপক্ষের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে যৌক্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় রেখে নতুন মজুরি নির্ধারণের নির্দেশনা দিয়েছেন। শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি শিল্প উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান বাড়ানোও সরকারের লক্ষ্য।

চলমান সহিংসতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু ব্যক্তি শ্রমিক আন্দোলনের নাম ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি আরও অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগের সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছিলেন—এমন কয়েকজন শিল্পমালিকের সংশ্লিষ্টতার বিষয় সামনে এসেছে। রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকও হয়েছে। তবে বর্তমান সহিংসতাকে প্রকৃত শ্রমিক আন্দোলন হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, হামলায় বাহিনীর অনেক সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারপরও শ্রমিকদের যেন অযথা বল প্রয়োগের শিকার হতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শ্রমিকদের কর্মসংস্থান ও শিল্প উৎপাদন যাতে ব্যাহত না হয়, সেটি বিবেচনায় নিতে হবে। মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং কাজ শুরু করেছে। তাই এখন আন্দোলনের প্রশ্ন আসে না।’

তিনি বলেন, নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ডকে নতুন মজুরি ঘোষণা করতে বলা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা। এর আগেই ঘোষণা করা সম্ভব হলে সেটি সবচেয়ে ভালো হবে।

সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর আটকের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি আটক হয়েছেন কি না, তা তার জানা নেই। আটক হয়ে থাকলে তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ