ATN News
শিরোনাম
  •  

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে এক মাসের মধ্যে সুপারিশের আশা

         
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে এক মাসের মধ্যে সুপারিশের আশা

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে এক মাসের মধ্যে সুপারিশের আশা

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে এক মাসের মধ্যে সুপারিশ প্রণয়নের আশাবাদ ব্যক্ত করেছে নবগঠিত নিম্নতম মজুরি বোর্ড। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, এবার মজুরি নির্ধারণের প্রক্রিয়া আগেরবারের মতো দীর্ঘায়িত হবে না। শ্রমিকদের স্বার্থকে গুরুত্ব দিয়ে দ্রুত সুপারিশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

সকাল ১১টা ২৫ মিনিটে শুরু হওয়া সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নেন। তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও মজুরি নিয়ে চলমান আলোচনার মধ্যে নতুন বেতন কাঠামো নির্ধারণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

বোর্ড চেয়ারম্যান জানান, গত ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এর মাত্র তিন দিনের মাথায় প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সদস্যদের পরিচিতির পাশাপাশি মজুরি নির্ধারণের আইনগত প্রক্রিয়া ও কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তিনি বলেন, পরবর্তী সভায় মজুরি নির্ধারণের সুপারিশ তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের আশা করছেন তারা। এ জন্য শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের কাছ থেকে প্রয়োজন অনুযায়ী লিখিত প্রস্তাব ও সুপারিশ নেওয়া হবে।

আগেরবার নতুন মজুরি নির্ধারণে সাতটি সভা করতে হয়েছিল। এবার কতটি সভার প্রয়োজন হতে পারে—এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, সাধারণত এ ধরনের কার্যক্রম সম্পন্ন করতে ছয় মাসের সময়সীমা থাকে। তবে এবার সরকার দ্রুত বোর্ড গঠন করেছে এবং গঠনের তিন দিনের মধ্যেই প্রথম সভা হয়েছে। ফলে আগের মতো দীর্ঘ সময় লাগবে না বলে তারা আশাবাদী।

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, বোর্ডের কর্মপরিকল্পনা ও কার্যপদ্ধতি শ্রমিকদের স্বার্থের পক্ষেই রয়েছে। মালিকপক্ষের প্রতিনিধিরাও সভায় শ্রমিকদের বিষয়ে আন্তরিকতার সঙ্গে কথা বলেছেন। তাই শ্রমিকদের বোর্ডের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

শ্রমিকদের ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি পাওয়ার প্রত্যাশা নিয়ে প্রশ্ন করা হলে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমার প্রতিশ্রুতি দেননি। তবে দ্রুত ভালো ফল পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, শ্রমিকদের দেওয়া মজুরির প্রস্তাব এবং মালিকপক্ষের মতামত পাওয়ার পর বোর্ড পরবর্তী কার্যক্রম এগিয়ে নেবে।

বোর্ডের পরবর্তী সভা আগামী সপ্তাহে হতে পারে বলে জানান চেয়ারম্যান। তিনি বলেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিজ নিজ সংগঠন এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রস্তাব তৈরির জন্য কিছুটা সময় প্রয়োজন। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিতে গেলে ভালো ফল নাও আসতে পারে। তাই দ্বিতীয় সভার আগে তাদের প্রস্তুতির সুযোগ দেওয়া হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ