ATN News
শিরোনাম
  •  

মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা

         
মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা

মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে বেসরকারি ফলাফলে দলটির প্রার্থীরা উল্লেখযোগ্যসংখ্যক আসনে জয় পাওয়ায় সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারা। এ নিয়ে রিপাবলিকান শিবিরে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা তৈরি হয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, নির্বাচিত আসনগুলোর মধ্যে ১৫টিতে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা। এতে দলটির মোট আসনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২টিতে, যা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার জন্য যথেষ্ট।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটি থেকে দুজন করে প্রতিনিধি সিনেটে দায়িত্ব পালন করেন। ফলে মোট আসনসংখ্যা ১০০। সাধারণত সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ৫১টি আসন প্রয়োজন।

নির্বাচনের প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাটদের সাফল্যের চিত্র আরও স্পষ্ট হয়েছে। ১৫টি আসনে জয় নিশ্চিত করার পাশাপাশি আরও তিনটি আসনে দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

এবারের নির্বাচনে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, ওহিও ও সাউথ ক্যারোলাইনায় গুরুত্বপূর্ণ জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। জর্জিয়ায় জন অসফ পুনর্নির্বাচিত হয়েছেন। নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয় পেয়েছেন। অন্যদিকে ওহিওতে জয় তুলে নিয়েছেন ডেমোক্র্যাট শেরড ব্রাউন।

টেক্সাস, যেখানে গত ৩০ বছরেরও বেশি সময় ধরে ডেমোক্র্যাটরা কোনো রাজ্যব্যাপী নির্বাচনে জয়ী হতে পারেনি—সেখানে ডেমোক্র্যাট জেমস টালারিকো ট্রাম্পের মনোনীত প্রার্থী কেন প্যাক্সটনকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।

সাউথ ক্যারোলিনায় ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুস বর্তমান রিপাবলিকান প্রার্থী ডারলিন গ্রাহামকে পরাজিত করেছেন। ডারলিন গ্রাহামকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে মনোনীত করেছিলেন—তার প্রয়াত ভাই এবং ট্রাম্পের আস্থাভাজন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর সেই শূন্যস্থান পূরণের জন্য।

ওহিওতে, ডেমোক্র্যাট শেরড ব্রাউন এমন একটি আসন জিতে নিয়েছেন, যা দুই বছর আগে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের দখলে ছিল।

সূত্র: রয়টার্স

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ