ATN News
শিরোনাম
  •  

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আইআইইউসির শিক্ষার্থী মাইশার, আহত দুই

         
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আইআইইউসির শিক্ষার্থী মাইশার, আহত দুই

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আইআইইউসির শিক্ষার্থী মাইশার, আহত দুই

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে সড়ক দুর্ঘটনায় মাইশা মুশফিরাত নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার আরও দুই সহপাঠী। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি ডালাস পেট্রোল পাম্পের বিপরীত পাশে।

নিহত মাইশা মুশফিরাত আইআইইউসির ইংরেজি ভাষা ও সাহিত্য (ইএলএল) বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ৮ নম্বরের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এ সময় লরির ধাক্কায় মিনিবাসটি উল্টে গেলে শিক্ষার্থীরা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুত তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইশার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ইভা জানান, দুর্ঘটনার শিকার তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য সকালে ক্যাম্পাসে আসছিলেন। দুর্ঘটনায় আহত অপর দুই শিক্ষার্থীর অবস্থাও গুরুতর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, দুর্ঘটনায় আহত ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ