ATN News
শিরোনাম
  •  

ভক্তদের টানে জন্মদিনে মান্নাতের বারান্দায় শাহরুখ

         
ভক্তদের টানে জন্মদিনে মান্নাতের বারান্দায় শাহরুখ

ভক্তদের টানে জন্মদিনে মান্নাতের বারান্দায় শাহরুখ

বলিউডের কিং শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য বিশেষ এক আয়োজন। প্রিয় তারকাকে একনজর দেখতে প্রতিবছরই মুম্বাইয়ের মান্নাতের সামনে ভিড় করেন হাজারো অনুরাগী। তবে এবারের জন্মদিনে সেই চেনা দৃশ্য দেখা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ভক্তদের নিরাশ করেননি শাহরুখ। জন্মদিনের সন্ধ্যায় মান্নাতের বারান্দায় এসে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের।

২ নভেম্বর ছিল শাহরুখ খানের ৬১তম জন্মদিন। বর্তমানে নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। পাশাপাশি মুম্বাইয়ের বাড়ি মান্নাতে চলছে সংস্কারকাজ। এসব কারণে এবার জন্মদিনে ভক্তদের সঙ্গে তার দেখা হওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সন্ধ্যায় মান্নাতের বিশেষভাবে তৈরি মঞ্চে হাজির হন বলিউড বাদশাহ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট ও জিনস পরা শাহরুখ ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন। কখনো উড়ন্ত চুমু ছুড়ে দিচ্ছেন, আবার কখনো দুই হাত প্রসারিত করে নিজের চিরচেনা ভঙ্গিতে শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি সালাম ও নমস্কার জানিয়ে উপস্থিত অনুরাগীদের অভিবাদন জানান তিনি। প্রিয় তারকাকে সামনে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন ভক্তরা। তাকে ক্যামেরাবন্দি করতেও ব্যস্ত হয়ে পড়েন অনেকে।

জানা গেছে, জন্মদিনের বিশেষ দিনটি বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে তাজ হোটেলে উদ্‌যাপন করেন শাহরুখ। এরপর সন্ধ্যায় নিজের বাড়ি মান্নাতে ফিরে ভক্তদের সঙ্গে দেখা করেন তিনি। মধ্যরাত থেকেই তার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। নিরাপত্তার কথা বিবেচনা করে মান্নাতের সামনের সড়কে আগে থেকেই ব্যারিকেড তৈরি করে রেখেছিল মুম্বাই পুলিশ।

এদিকে শাহরুখের জন্মদিন ঘিরে দিনভর নানা আয়োজনে মেতে ছিলেন ভক্তরা। মুম্বাইয়ের জুহুর একটি রেস্তোরাঁয় কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেন কেউ কেউ। আবার অনেকে মান্নাতের সামনে হাজির হন প্রিয় অভিনেতার বড় বড় পোস্টার নিয়ে। নাচ-গানসহ বিভিন্ন আয়োজনে উদ্‌যাপন করেন বিশেষ দিনটি।

জন্মদিনের প্রথম প্রহরেই ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে আসেন শাহরুখ। তার আসন্ন সিনেমা ‘কিং’-এর ‘তু মিল জায়ে’ গানটি প্রকাশ করা হয় সামাজিক মাধ্যমে। গানটিতে দেখা গেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকেও। একসঙ্গে গানটি উপভোগ করেন শাহরুখভক্তরা।

এদিকে প্রিয় তারকার ৬১তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেক তারকা। শুভেচ্ছা জানানোদের তালিকায় রয়েছেন কারিনা কাপুর, কাজল, অজয় দেবগন, অ্যাটলি, রিতেশ দেশমুখ, ফারাহ খান ও শিল্পা শেঠিসহ আরও অনেকে।

ভক্তদের সঙ্গে শাহরুখের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ আবারও প্রমাণ করল, পর্দার বাইরেও অনুরাগীদের সঙ্গে তার সম্পর্ক কতটা গভীর।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ