ATN News
শিরোনাম
  •  

শেকৃবির মাঠে বাণিজ্য মেলার স্থাপনা গুঁড়িয়ে ক্যাম্পাসে ফিরলেন শিক্ষার্থীরা

         
শেকৃবির মাঠে বাণিজ্য মেলার স্থাপনা গুঁড়িয়ে ক্যাম্পাসে ফিরলেন শিক্ষার্থীরা

শেকৃবির মাঠে বাণিজ্য মেলার স্থাপনা গুঁড়িয়ে ক্যাম্পাসে ফিরলেন শিক্ষার্থীরা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাঠে আয়োজিত বাণিজ্য মেলার অস্থায়ী স্থাপনা ভেঙে কর্মসূচি শেষ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে মেলার প্রধান অস্থায়ী ফটক ভাঙার কাজ শেষ করে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যান।

এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মেলার মাঠে প্রবেশ করেন। এ সময় তারা মেলার বিভিন্ন অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন। স্থাপনা ভাঙার কাজে বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে যাওয়া দুটি ট্র্যাক্টর ব্যবহার করা হয়। একপর্যায়ে মেলার প্রধান প্রবেশ ফটকটিও ভেঙে ফেলেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠ শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ফিরিয়ে দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের মাঠে কোনো ধরনের বাণিজ্যিক মেলা বা আয়োজন করা যাবে না। মাঠটি খেলাধুলা, শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহারের উপযোগী করে শিক্ষার্থীদের কাছে ফিরিয়ে দিতে হবে।

আন্দোলনকারীদের আরও দাবি, বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিল করতে হবে। একই সঙ্গে কৃষি গবেষণার উপযোগী পরিবেশ নিশ্চিত করে মাঠে সব ধরনের স্থায়ী ও অস্থায়ী স্থাপনা নির্মাণ বন্ধ রাখতে হবে।

এর আগে গত ২৭ অক্টোবর মাঠে মাটি পরীক্ষার কাজ শুরু হলে শিক্ষার্থীরা বাধা দেন। এ সময় পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান তারা। পরদিন ২৮ অক্টোবর বাণিজ্য মেলার প্রধান প্রবেশ গেটসহ বিভিন্ন অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন শিক্ষার্থীরা।

এ ছাড়া মাঠ উদ্ধারের দাবিতে কয়েক দফায় সড়ক অবরোধ করেন তারা। সর্বশেষ গত ১ নভেম্বর চীন মৈত্রী সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বিশ্ববিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের শিক্ষা, খেলাধুলা ও গবেষণার কাজে ব্যবহারের উপযোগী করে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ