ATN News
শিরোনাম
  •  

৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন

         
৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন

৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় আবারও বিক্ষোভে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় কোনাবাড়ী এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের পাঁচ প্লাটুন মোতায়েন করা হয়েছে।

সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া। প্রয়োজনে বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকেরা আন্দোলন চালিয়ে আসছেন। এর ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও আনসার একাডেমির ৩ নম্বর ফটক এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। প্রায় পাঁচ ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

রোববার সকালে কালিয়াকৈরের রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট ও নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সফিপুর বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন। কারখানায় হাজিরা দেওয়ার পরই তারা বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের আন্দোলনের কারণে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

একপর্যায়ে শত শত শ্রমিক লাঠিসোঁটা নিয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন। এতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে এই পথে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

অন্যদিকে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় মহাসড়কের মাঝখানে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় পুলিশ বক্সের ভেতরের মালামাল বাইরে বের করে সেগুলোতেও আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন।

এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ