ATN News
শিরোনাম
  •  

রবীন্দ্রনাথের রাশিয়া সফরের ৯৬ বছর: ঢাকায় বিশেষ সাংস্কৃতিক আয়োজন

         
 রবীন্দ্রনাথের রাশিয়া সফরের ৯৬ বছর: ঢাকায় বিশেষ সাংস্কৃতিক আয়োজন

রবীন্দ্রনাথের রাশিয়া সফরের ৯৬ বছর: ঢাকায় বিশেষ সাংস্কৃতিক আয়োজন

রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক রাশিয়া সফরের ৯৬তম বার্ষিকী স্মরণে ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। কবির রাশিয়া-অভিজ্ঞতা, শিক্ষা ও মানবিক দর্শন তুলে ধরার পাশাপাশি বাংলা ও রুশ সংস্কৃতির মেলবন্ধনে সাজানো হয় এ আয়োজন।

১৯৩০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক সোভিয়েত ইউনিয়ন সফর। সেই সফরের স্মৃতি ও তাৎপর্য তুলে ধরতে ঢাকায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রাশিয়ান হাউস ইন ঢাকা ও সংস্কৃতি।

‘আলোয় ভুবন ভরা: রাশিয়ায় রবীন্দ্রনাথের যাত্রা—পত্রাবলি, গান ও মনন’ শীর্ষক এ আয়োজনে উঠে আসে সোভিয়েত সমাজ, শিক্ষা, সামাজিক অগ্রগতি ও মানবিক মর্যাদা নিয়ে কবির ভাবনা।

অনুষ্ঠানে রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেকজান্দ্রা এ. খ্লেভনয় বলেন, সোভিয়েত শিক্ষাব্যবস্থার প্রতি রবীন্দ্রনাথের আগ্রহ ও প্রশংসা আজও বাংলাদেশ-রাশিয়া শিক্ষা সহযোগিতায় প্রাসঙ্গিক। তিনি জানান, রাশিয়ায় উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের সরকারি বৃত্তির সুযোগও বাড়ছে।

বাংলা ও রুশ ভাষায় কবিতা আবৃত্তি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ভেরোনিকা ক্লিমচেঙ্কো রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন। অংশ নেন রাশিয়ান হাউসের রুশ ভাষার শিক্ষার্থীরাও।

সংগীত পরিবেশনায় দুই দেশের সাংস্কৃতিক বন্ধন পায় নতুন মাত্রা। মস্কোর এমজিআইএমও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পরিবেশন করেন ‘আমি চিনি গো চিনি তোমারে’। ইউলিয়ানা ঝাভোরনকোভা গেয়ে শোনান ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’। পরে সংস্কৃতির শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্রসংগীত।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথের রাশিয়া-অভিজ্ঞতা নিয়ে ড. ইন্দ্রজিৎ রায়ের ‘দ্য সোভিয়েত ইউনিয়ন ইন ইটস আর্লি ডেজ: ইন দ্য আইজ অব দ্য পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর’ গ্রন্থের পরিচিতি তুলে ধরা হয়। বইটি নিয়ে পর্যালোচনা উপস্থাপন করেন মোশতাক আহমেদ।

এ ছাড়া ‘লেটার্স ফ্রম রাশিয়া’ থেকে নির্বাচিত অংশ পাঠ এবং ১৯৬১ সালের প্রামাণ্যচিত্র ‘টেগোর ইন রাশিয়া’ প্রদর্শন করা হয়।

সাহিত্য, সংগীত ও শিক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় উঠে আসে এ আয়োজনে।

রবীন্দ্রনাথের রাশিয়া সফরের ঐতিহাসিক স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব জোরদার করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিল্প-সাহিত্য সংবাদ


অন্যান্য সংবাদ