ATN News
শিরোনাম
  •  

রিয়াদের আকাশে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের

         
রিয়াদের আকাশে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের

রিয়াদের আকাশে ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের

সৌদি আরবের রাজধানী রিয়াদ অঞ্চলের আকাশে শত্রুপক্ষের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। ড্রোনটি ধ্বংসের পর এর ধ্বংসাবশেষ মাটিতে পড়লেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জোট।

আজ শনিবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি এ তথ্য জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদ অঞ্চলের আকাশে একটি শত্রু ড্রোন শনাক্ত করে এবং সেটি ধ্বংস করে।

তবে ড্রোনটি কোন পক্ষ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আল-মালকি।

গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও ভূখণ্ড লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। এসব হামলার জন্য ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।

এর আগে, শুক্রবার মালকি বলেছিলেন, ইসলামের দ্বিতীয় পবিত্রতম নগরী মদিনা শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা। তবে পরবর্তীতে এই দাবি অস্বীকার করেছে হুথি বিদ্রোহীরা।

চলতি গ্রীষ্মে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি-সমর্থিত সরকারের সঙ্গে হুথিদের নতুন করে সংঘাত শুরুর পর থেকেই সৌদির তেল অবকাঠামো, বিমানবন্দর ও বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়ে আসছে ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি।

জাতিসংঘ বলেছে, এই সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন ২ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ।

গত জুলাইয়ে ইয়েমেনের আকাশসীমায় সৌদি আরবের বিধিনিষেধ উপেক্ষা করে রাজধানী সানায় ইরানি একটি বিমানকে অবতরণের সুযোগ দেয় হুথিরা। এর পরপরই ২০২২ সালে সাক্ষরিত ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি ভেস্তে যায় এবং দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা শুরু হয়।

পরবর্তীতে সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয় হুথিরা এবং সৌদির বাণিজ্যিক জাহাজ, ভূখণ্ড ও তেল স্থাপনাগুলোতে হামলা শুরু করে। একপর্যায়ে বিদ্যুৎগতির অভিযানের মধ্য দিয়ে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিজেদের নিয়ন্ত্রণে নেয় গোষ্ঠীটি।

এদিকে সৌদি আরব পাল্টা হামলা চালানো শুরু করায় হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে ঘন ঘন বিমান হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে গোষ্ঠীটি।

সূত্র: এএফপি

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ