ATN News
শিরোনাম
  •  

মুক্তির আগেই বিদেশি বাজারে ১৭৫ কোটি রুপির চুক্তি শাহরুখের ‘কিং’-এর

         
মুক্তির আগেই বিদেশি বাজারে ১৭৫ কোটি রুপির চুক্তি শাহরুখের ‘কিং’-এর

মুক্তির আগেই বিদেশি বাজারে ১৭৫ কোটি রুপির চুক্তি শাহরুখের ‘কিং’-এর

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে বড় ধরনের ব্যবসায়িক সাফল্যের খবর সামনে এসেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে। বিদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব বিক্রি করে সিনেমাটি পেয়েছে ১৭৫ কোটি রুপির চুক্তি। ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্ব বিক্রির ক্ষেত্রে এটিকে নতুন রেকর্ড হিসেবে উল্লেখ করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’-এর আন্তর্জাতিক পরিবেশনার স্বত্ব কিনেছে ফার্স ফিল্মস। এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস। তবে নতুন সিনেমাটির ক্ষেত্রে দায়িত্ব পেয়েছে ভিন্ন একটি প্রতিষ্ঠান।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি বাজারের স্বত্বের জন্য ফার্স ফিল্মস ন্যূনতম ১৭৫ কোটি রুপি দিতে সম্মত হয়েছে। এর আগে কোনো ভারতীয় সিনেমার বিদেশি প্রদর্শনস্বত্ব এককভাবে ১০০ কোটি রুপির সীমা অতিক্রম করেনি বলে দাবি করা হয়েছে।

তবে বড় অঙ্কের এই চুক্তির সঙ্গে রয়েছে বড় ব্যবসায়িক চ্যালেঞ্জও। কারণ, সাধারণত আন্তর্জাতিক বাজারে পরিবেশকেরা বক্স অফিসে টিকিট বিক্রির মোট আয়ের প্রায় ৫০ শতাংশ পেয়ে থাকেন। সেই হিসাব অনুযায়ী, বিনিয়োগের অর্থ তুলে আনতে ‘কিং’-কে বিদেশের বাজারে আনুমানিক ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি আয় করতে হবে।

এই লক্ষ্য পূরণ করতে হলে আন্তর্জাতিক বাজারে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো সাফল্য পেতে হবে ‘কিং’-কে। শাহরুখের এই দুই সিনেমা বিশ্বজুড়ে ৪০০ কোটি রুপির বেশি আয় করেছিল। ফলে ‘কিং’ সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কি না, তা এবার দেখার বিষয়।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লা। ‘পাঠান’-এর পর আবারও সিদ্ধার্থের পরিচালনায় অভিনয় করছেন শাহরুখ। তবে সিনেমাটির অন্যতম আকর্ষণ, প্রথমবারের মতো বড় পর্দায় বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা খানকে একসঙ্গে দেখা যাবে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ