ATN News
শিরোনাম
  •  

আড়াই বছরেই তবলায় বিস্ময়, ১২ তাল বাজিয়ে রেকর্ড গড়ল স্বরশ্রী

         
আড়াই বছরেই তবলায় বিস্ময়, ১২ তাল বাজিয়ে রেকর্ড গড়ল স্বরশ্রী

আড়াই বছরেই তবলায় বিস্ময়, ১২ তাল বাজিয়ে রেকর্ড গড়ল স্বরশ্রী

যে বয়সে অধিকাংশ শিশু ঠিকমতো বাক্য গুছিয়ে কথা বলতেই শেখে, সেই বয়সেই তবলার ছন্দে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ভারতের কর্ণাটকের ছোট্ট স্বরশ্রী হেগড়ে। মাত্র ২ বছর ১০ মাস বয়সে তবলার ১২টি তাল মুখে আবৃত্তি করার পাশাপাশি বাজিয়েও ভারতের রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে। এত অল্প বয়সে তার এই অসাধারণ অর্জন সামাজিক যোগাযোগমাধ্যমেও সাড়া ফেলেছে। সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) শিশুটির তবলা পরিবেশনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই তাকে ঘিরে প্রশংসা ও শুভকামনা জানাচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্বরশ্রীর বাড়ি ভারতের কর্ণাটক রাজ্যের উত্তর কন্নড় জেলার হননাভর এলাকায়। ইন্ডিয়া বুক অব রেকর্ডসে স্থান পাওয়া স্বরশ্রীর কৃতিত্ব হলো, সে তবলার ১২টি তাল মুখে আবৃত্তি করতে পারে এবং একই সঙ্গে বাদ্যযন্ত্রটিতে সেগুলো বাজাতেও পারে। সাধারণত এসব তাল আয়ত্ত করতে দীর্ঘদিনের অনুশীলন, ধৈর্য ও মনোযোগ প্রয়োজন হয়। সেখানে তিন বছর পূর্ণ হওয়ার আগেই এমন দক্ষতা দেখিয়ে বিস্ময় তৈরি করেছে শিশুটি।

স্বরশ্রীর সংগীতের প্রতি আগ্রহের শুরু পরিবার থেকেই। তার বাবা গুরুরাজ হেগড়ে আদুকালা একজন তবলা বাদক। তিনি ৫০ জনের বেশি শিক্ষার্থীকে তবলা শেখান। অন্যদিকে, মা শ্রিলতা হেগড়ে ইংরেজি সাহিত্যের অধ্যাপক হওয়ার পাশাপাশি হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের শিল্পী। স্বামী-স্ত্রী মিলে হননাভরে একটি সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করেন।

ছোটবেলা থেকেই বাবার কাছে শিক্ষার্থীদের তবলা শেখার দৃশ্য দেখত স্বরশ্রী। এভাবেই ধীরে ধীরে বাদ্যযন্ত্রটির প্রতি আগ্রহ তৈরি হয় তার। মেয়ের আগ্রহ বুঝতে পেরে বাবা-মা তার জন্য বিশেষভাবে ছোট আকারের দুটি তবলা তৈরি করিয়ে দেন। এরপর নিজের মতো করে তবলা বাজানোর সুযোগ পায় সে। সেই আগ্রহ থেকেই শুরু হয় তার সংগীতচর্চা।

ভারতীয় শাস্ত্রীয় সংগীতে তাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সংগীতের ছন্দ, গতি ও মাত্রার কাঠামো নির্ধারণ করে তাল। প্রতিটি তালের রয়েছে নির্দিষ্ট মাত্রা, বিভাজন ও পুনরাবৃত্তির নিয়ম। একটি তাল আয়ত্ত করতে প্রয়োজন হয় দীর্ঘ অনুশীলন, স্মৃতিশক্তি, মনোযোগ ও ছন্দের সঠিক ধারণা। সেখানে তিন বছর পূর্ণ হওয়ার আগেই ১২টি তাল মুখস্থ বলা এবং তবলায় বাজানোর দক্ষতা অর্জন সত্যিই ব্যতিক্রমী।

স্বরশ্রীর পরিবেশনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরাও উচ্ছ্বাস প্রকাশ করছেন। কেউ একে উত্তর কন্নড়ের গর্ব হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ শিশুটির প্রতিভাকে ঈশ্বরের আশীর্বাদ বলে অভিহিত করেছেন। তার নামের সঙ্গে প্রতিভার মিল খুঁজেও মন্তব্য করেছেন অনেকে।

পরিবার ও স্থানীয়দের কাছে আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে স্বরশ্রীর এই অর্জন। বাবাকে দেখে তবলার প্রতি তৈরি হওয়া ছোট্ট ভালোবাসা যে এত অল্প বয়সেই রেকর্ড গড়ার সাফল্যে রূপ নেবে, তা হয়তো ভাবেননি তার বাবা-মাও।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ