ATN News
শিরোনাম
  •  

উত্তরাখণ্ডে তুষারপাতের মধ্যে হেলিকপ্টার দুর্ঘটনা, পাইলটসহ নিখোঁজ ৬ আরোহী

         
উত্তরাখণ্ডে তুষারপাতের মধ্যে হেলিকপ্টার দুর্ঘটনা, পাইলটসহ নিখোঁজ ৬ আরোহী

উত্তরাখণ্ডে তুষারপাতের মধ্যে হেলিকপ্টার দুর্ঘটনা, পাইলটসহ নিখোঁজ ৬ আরোহী

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় ছয় আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার জোশিমঠ-বদ্রীনাথ রুটে উড়োজাহাজটির নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ছয়জন ছিলেন। তাদের সবাই পুরুষ। যাত্রীদের নাম প্রতাপা, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে ও এইচ এস নটরাজ। পাইলট ছিলেন ক্যাপ্টেন হিমাংশু।

প্রতিবেদন অনুযায়ী, তুষারপাতের মধ্যে দুপুর ১টা ১৪ মিনিটের দিকে বদ্রীনাথ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। এরপর হাতি পর্বত এলাকার কাছে সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। এতে রাজ্য প্রশাসনের উদ্ধারকারী দল, সেনাবাহিনী, পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের সদস্যদের যুক্ত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, যোশীমঠের কাছের ছাইয়ে গ্রাম এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছেন তিনি। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

তিনি আরও জানান, পুরো পরিস্থিতি তিনি নিজে পর্যবেক্ষণ করছেন। আহতদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য উচ্চতর চিকিৎসাকেন্দ্রে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হেলিকপ্টারের আরোহীদের নিরাপদে উদ্ধারের জন্য প্রার্থনা করেন তিনি।

এদিকে যোশীমঠের মহকুমা শাসক (এসডিএম) চন্দ্রশেখর বশিষ্ঠও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনাবাহিনী, এসডিআরএফ, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর জন্য কাজ করছেন। তিনিও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

উল্লেখ্য, গত এক দশকে উত্তরাখণ্ডে অন্তত ১২টি পৃথক হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি ছিল বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা এবং সাতটি ছিল প্রাণহানিহীন। প্রাণহানিহীন ঘটনাগুলোর মধ্যে জরুরি অবতরণের সময় আহত হওয়ার ঘটনা এবং যান্ত্রিক ত্রুটির কারণে বাধ্যতামূলক অবতরণের ঘটনা রয়েছে। এ ছাড়া মাটিতে সংঘটিত প্রাণঘাতী দুর্ঘটনাও এই পরিসংখ্যানের অন্তর্ভুক্ত।

এর আগে, গত বছরের জুনে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীর উদ্দেশে যাত্রা করা একটি হেলিকপ্টার বনাঞ্চলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় সাতজন নিহত হন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ