ATN News
শিরোনাম
  •  

তাহসিফের মৃত্যুতে নতুন মোড়, নদীতে ঝাঁপ দেওয়ার দাবি দীপের

         
তাহসিফের মৃত্যুতে নতুন মোড়, নদীতে ঝাঁপ দেওয়ার দাবি দীপের

তাহসিফের মৃত্যুতে নতুন মোড়, নদীতে ঝাঁপ দেওয়ার দাবি দীপের

বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। পিবিআইয়ের হেফাজতে জিজ্ঞাসাবাদে আহমেদ শাহরিয়ার রেজা দীপ দাবি করেছেন, একপর্যায়ে ধাওয়ার মুখে পড়ে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন। আর তিনি নিজে সেখান থেকে পালিয়ে আসেন।

বৃহস্পতিবার রাতে দীপকে হেফাজতে নেওয়ার পর রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালায় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনাস্থলে দুজনের মধ্যে কথা বলার সময় কয়েকজন লোক তাঁদের ধাওয়া করে। এ সময় তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং তিনি পালিয়ে যান। তবে দীপের এই বক্তব্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পিবিআই মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান জানান, দীপকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তাঁর দেওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই চলছে। তাহসিফের মৃত্যু হত্যা, দুর্ঘটনা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হতে তদন্ত করছে সংস্থাটি।

তিনি আরও জানান, তাঁরা মূলত জানতে চাইছেন, তাহসিফ ও দীপ সেখানে কেন গিয়েছিলেন এবং কীভাবে তাহসিফের মৃত্যু হয়েছে। তদন্তে পাওয়া তথ্য যাচাই শেষে প্রকৃত ঘটনা প্রকাশ করা হবে।

অন্যদিকে, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল জানিয়েছেন, দীপকে হেফাজতে নেওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে সেগুলো এখনই প্রকাশ করা হচ্ছে না।

এদিকে তুরাগ নদে তাহসিফের ভাসমান লাশ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে টঙ্গী পশ্চিম থানার অধীন মাজার বস্তি এলাকায় নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ এক বার্তায় নিশ্চিত করেন, তুরাগ নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে মোটরসাইকেলটি পাওয়া গেছে এবং এটি তাহসিফের কি না তা যাচাই করা হচ্ছে।

পিবিআইয়ের অন্য এক পুলিশ সুপার জানান, দীপের দেখানো তথ্যের ভিত্তিতেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। নম্বরপ্লেট না থাকায় মালিকানা যাচাই চলছে। তবে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তাহসিফও ঘর থেকে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন।

তাহসিফের বাবা এনায়েতুল করিম জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় দীপের ফোন পেয়েই বাসা থেকে বের হন তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটে মায়ের মোবাইলে একটি বার্তা পাঠিয়ে তাহসিফ জানান, তিনি বাড়ি ফিরছেন। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।

পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার করে পুলিশ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ