ATN News
শিরোনাম
  •  

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে-নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

         
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে-নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে-নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত দক্ষতা, প্রয়োজনীয় উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করা গেলে তারাও সমাজের মূল স্রোতধারায় মিশে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। তারা যেন কোনোভাবেই পিছিয়ে না থাকে, সে লক্ষ্যে সরকারের সুনির্দিষ্ট ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আজ রাজধানীর মিরপুরে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) আয়োজিত ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’-এটি শুধু একটি স্লোগান নয়, সরকার সে লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচনি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনায় সমাজের সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের মূল লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের যথাযথ শিক্ষাদানের সুবিধার্থে বিশেষায়িত শিক্ষকের সংখ্যা বৃদ্ধি এবং শিক্ষকদের পেশাগত মানোন্নয়নে প্রয়োজনীয় ট্রেনিং স্কুলের সংখ্যা বৃদ্ধির কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি তাদের পিতা-মাতারা যাতে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের সঠিকভাবে লালন-পালন করতে পারে, সে লক্ষ্যে অভিভাবকদের জন্যও বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্য হতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধি এবং দেশে মানসম্মত আধুনিক প্রযুক্তিভিত্তিক ‘স্মার্ট সাদাছড়ি’ উৎপাদনের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মন্ত্রী ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

শেষে মন্ত্রী উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সম্মানসূচক উপহার হিসেবে সাদাছড়ি বিতরণ করেন।

ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)-এর নির্বাহী পরিচালক মো. সাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো: কামরুজ্জামান দুলালসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশে প্রায় ৪১ লাখ বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিক রয়েছেন, যার মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিকের সংখ্যা প্রায় ৫ লাখ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ