ATN News
শিরোনাম
  •  

গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে সংবিধান-আইনে পদক্ষেপের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

         
গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে সংবিধান-আইনে পদক্ষেপের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে সংবিধান-আইনে পদক্ষেপের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক প্রতিহিংসা ও হেফাজতে মৃত্যু চায় না সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ মৃত্যুর পুনরাবৃত্তি ঠেকাতে সংবিধান ও আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের বক্তব্য শুনে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। বেলা আড়াইটায় শুরু হওয়া বৈঠকটি বিকেল ৪টার পর শেষ হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মতবিনিময়ে একটি অভিন্ন বক্তব্য এসেছে। দেশে যাতে ভবিষ্যতে কেউ গুমের শিকার না হয়, সে ব্যবস্থা যেন করা হয়। গুমসংক্রান্ত যেসব মামলা হয়েছে, সেগুলোর যেন দ্রুত ও সুষ্ঠু বিচার হয়। যারা গুমের শিকার হয়ে এখনো ফিরে আসেননি, তাদের পরিবার সহায়তার জন্য আবেদনও করেছেন। সরকার ইতিমধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন করেছে।

নিজেও গুমের শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে যেন আর কখনো এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সেটিই আমাদের প্রত্যাশা। গুমের সংস্কৃতি চিরতরে বন্ধ করার পাশাপাশি বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক প্রতিহিংসা ও কারা হেফাজতে মৃত্যুর অবসান চাই আমরা। এ লক্ষ্য বাস্তবায়নে সংবিধানে অন্তর্ভুক্তির প্রয়োজন রয়েছে—এমন বিষয় সংবিধানে এবং আইন বা বিধিমালার মাধ্যমে বাস্তবায়নযোগ্য বিষয়গুলো সংশ্লিষ্ট কাঠামোয় অন্তর্ভুক্ত করা হবে।

সংবিধানে গুম প্রতিরোধে নতুন কোনো বিধান যুক্ত করার পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ৩২ অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে সংবিধানে পর্যাপ্ত স্বীকৃতি রয়েছে।

বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দল রাজপথে আন্দোলন করছে। সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিতে এসে নিজেদের দাবিগুলো তুলে ধরলে কমিটি সেগুলো শুনতে পারত। তবে তারা রাজপথের আন্দোলনকেই অগ্রাধিকার দিচ্ছে।

পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ক্রসফায়ার-সংক্রান্ত বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরে ওই বক্তব্যের ব্যাখ্যা দেওয়া হয়েছে। আইনের কঠোর প্রয়োগ নিয়ে কথা বলতে গিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দটি ব্যবহার করে থাকতে পারেন। এ ধরনের শব্দচয়ন যথাযথ নয় বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদের দাবি, বিএনপি সরকারের আট মাসে কোনো ক্রসফায়ার, বিচারবহির্ভূত হত্যা বা গুমের ঘটনা ঘটেনি। একটি অভিযোগের বিষয়ে সরকার তদন্ত করেছে এবং মানবাধিকার সংস্থাগুলোকে স্বাধীনভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছে বলেও জানান তিনি। তাঁর দাবি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে তদন্তের আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত তারা সুনির্দিষ্ট ও প্রমাণযোগ্য অভিযোগ দেয়নি।

বিশেষ কমিটির বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ