ATN News
শিরোনাম
  •  

পরীমনির নাচের ভিডিও ভাইরাল, সঙ্গী সেই কোরিওগ্রাফার

         
পরীমনির নাচের ভিডিও ভাইরাল, সঙ্গী সেই কোরিওগ্রাফার

পরীমনির নাচের ভিডিও ভাইরাল, সঙ্গী সেই কোরিওগ্রাফার

ঢালিউড অভিনেত্রী পরীমনির নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জন্মদিনের অনুষ্ঠানে ধারণ করা ভিডিওতে এক ব্যক্তির সঙ্গে নাচতে দেখা গেছে অভিনেত্রীকে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর পরীমনির নাচের প্রশংসা করার পাশাপাশি তাঁর নাচের সঙ্গীকে নিয়েও কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

গত ২৪ অক্টোবর নিজের জন্মদিন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন পরীমনি। প্রতিবছরের মতো এবারও বিশেষ এই দিনটি ঘটা করে উদযাপন করেন তিনি। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে আনন্দ-উল্লাসের পাশাপাশি নাচেও অংশ নেন অভিনেত্রী।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাচের ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। ভিডিওতে দেখা যায়, শান্ত সুরের সংগীতের তালে এক ব্যক্তির সঙ্গে নাচের বিভিন্ন মুদ্রায় মেতে উঠেছেন তিনি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও তাঁদের নাচ উপভোগ করতে দেখা যায়। ভিডিওর শেষ দিকে আরও কয়েকজনকে তাঁদের সঙ্গে নাচে যোগ দিতে দেখা যায়।

ভিডিওটির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘একটু নাচ তো থাকতেই হয়!’ পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যে ভিডিওটির ভিউ চার লাখ ছাড়িয়ে যায় বলে উল্লেখ করা হয়েছে।

ভিডিওটি ঘিরে ভক্তদের নানা মন্তব্যও চোখে পড়েছে। কেউ পরীমনির নাচের প্রশংসা করেছেন, আবার কেউ মজার ছলে জানিয়েছেন, তাঁর নাচ দেখলে হৃদস্পন্দন বেড়ে যায়। অনেকে অভিনেত্রীর প্রতি নিজেদের ভালো লাগার কথাও প্রকাশ করেছেন। এর আগে জন্মদিনের এক অনুষ্ঠানে লুঙ্গি পরে পরীমনির নাচের প্রসঙ্গও টেনেছেন কয়েকজন নেটিজেন।

ভিডিওতে পরীমনির সঙ্গে যাঁকে নাচতে দেখা গেছে, তাঁর নাম গোলাম হোসেন কিবরিয়া। তিনি একজন ড্যান্স কোরিওগ্রাফার। নাচের প্রশিক্ষণ ও চর্চার জন্য তাঁর নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি ফ্যাশন হাউসের সঙ্গেও যুক্ত তিনি।

পরীমনির সঙ্গে কিবরিয়ার দীর্ঘদিনের পরিচয় রয়েছে। বিভিন্ন সময় তাঁদের একসঙ্গে দেখা গেছে। তাঁদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলেই জানা গেছে।

জন্মদিনের ওই অনুষ্ঠানে নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন পরীমনি। তারেক রহমানের পরিচালনায় সিনেমাটির নাম ‘ফারজানা’। এর শুটিংও অনেকখানি সম্পন্ন হয়েছে। আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।

নাচের ভিডিও নিয়ে ভক্তদের আলোচনা এবং নতুন সিনেমার খবর—দুই বিষয় মিলিয়ে এখন আলোচনায় রয়েছেন পরীমনি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ