ATN News
শিরোনাম
  •  

দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৩ মাস ধরে ওসির পদ শূন্য: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা,বাড়ছে অপরাধ

         
দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৩ মাস ধরে ওসির পদ শূন্য: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা,বাড়ছে অপরাধ

দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৩ মাস ধরে ওসির পদ শূন্য: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা,বাড়ছে অপরাধ

দীর্ঘ তিন মাস ধরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। সাধারণ ডায়েরি (জিডি), অভিযোগ ও পুলিশ ক্লিয়ারেন্সের মতো জরুরি কাজের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। নেতৃত্বের এই শূন্যতার সুযোগে এলাকায় চুরি, ছিনতাই ও মাদকের দৌরাত্ম্য বাড়ার পাশাপাশি প্রায়ই মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

সরজমিনে দেখা যায়, ভবনটিতে প্রবেশ করলেই চোখে পড়ে ওসির শূন্য কক্ষটি। টানা তিন মাস ধরে এভাবেই অভিভাবকহীন অবস্থায় চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই থানাটি। নিয়মিত ওসি না থাকায় যেকোনো সাধারণ ফাইল বা কার্যক্রমেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতির প্রয়োজন হচ্ছে। ফলে কাঙ্ক্ষিত সেবা পেতে সাধারণ ও ভুক্তভোগী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জিডি, পুলিশ ক্লিয়ারেন্স কিংবা যেকোনো জরুরি অভিযোগের ক্ষেত্রে সেবাগ্রহীতাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।প্রশাসনিক এই স্থবিরতার কারণে পুলিশের নিয়মিত সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় কাঙ্ক্ষিত সেবা না পেয়ে হতাশা নিয়ে ফিরতে হচ্ছে নাগরিকদের।

অন্যদিকে থানায় প্রশাসনিক শূন্যতার নেতিবাচক প্রভাব পড়েছে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও। স্থানীয়দের অভিযোগ, স্থায়ী ওসির অনুপস্থিতির সুযোগটি পুরোপুরি কাজে লাগাচ্ছে অপরাধী চক্র। এলাকা জুড়ে দিন দিন বাড়ছে চুরি, ছিনতাই ও মাদকের অবাধ বিস্তার। বিশেষ করে, একের পর এক রহস্যজনক মৃত্যু ও মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক চরমে পৌঁছেছে। দ্রুত জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এই জনপদে স্থায়ী ওসি নিয়োগের দাবি তুলেছেন স্থানীয়রা।

এদিকে, থানা পরিচালনায় বড় কোনো ব্যাঘাত ঘটছে না বলে দাবি করেছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস)মো. তরিকুল ইসলাম তিনি জানান, বর্তমানে একজন তদন্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র দায়িত্বে রয়েছেন। এছাড়া ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৫৫১ ধারা অনুযায়ী তারা নিজেরাই থানাটির সার্বিক কার্যক্রম তদারকি করছেন।

তবে প্রশাসনিক প্রক্রিয়া যাই হোক না কেন, দ্রুত স্থায়ী ওসি নিয়োগের মাধ্যমে জনদুর্ভোগ কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন কেরানীগঞ্জবাসী।

রিপোর্ট : শাহিন গাজী/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ