ATN News
শিরোনাম
  •  

সব জাতিসত্তার সম্মিলিত অংশগ্রহণে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর

         
সব জাতিসত্তার সম্মিলিত অংশগ্রহণে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর

সব জাতিসত্তার সম্মিলিত অংশগ্রহণে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, পাহাড় ও সমতলের মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সব জাতিসত্তা ও জনগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি সর্বাঙ্গীণ ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। বাংলাদেশের বৈচিত্র্যময় জাতিসত্তা, ইতিহাস, ঐতিহ্য ও বর্ণিল সংস্কৃতিই মূলত আমাদের জাতীয় পরিচয়ের মূল শক্তি।

গতকাল বান্দরবানে রাজার মাঠে ধর্মীয় ও সামাজিক উৎসব ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ ২০২৬’ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বান্দরবান পৌরসভার উৎসব উদ্যাপন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, পাহাড় ও সমতলকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই; সব মানুষকে নিয়েই আজকের বাংলাদেশ। জাতি, ধর্ম, বর্ণ, পেশা কিংবা বাসস্থানের কারণে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না।

সবাইকে সমান অধিকার ও মর্যাদা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা পাহাড় ও সমতলকে এক করে অভিন্ন বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনাকে প্রতিষ্ঠিত করতে চাই। সংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সবার সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার অধিকার রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি, সর্বাঙ্গীণ উন্নয়ন ও সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের যে প্রান্তেই বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করুক না কেন, তাদের ভাষা-সংস্কৃতি সুরক্ষা, আধুনিক শিক্ষা ও উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিক বলে জানান তিনি।

সাচিং প্রু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমঅধিকার নিশ্চিত করে সৌহার্দ্য ও সাম্যের ‘রেইনবো নেশন’-এর যে স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়নে আমাদের সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন এবং সরকার এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। ‘রেইনবো নেশন’-এর ধারণাকে বাস্তবে প্রয়োগ করতে এবং পাহাড় ও সমতলের সম্প্রীতি আরো সুদৃঢ় করতে আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসে পার্বত্য অঞ্চলে এক বৃহৎ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ধর্মীয় ও সামাজিক উৎসব ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ ২০২৬’ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বান্দরবান রিজিয়ন কমান্ডার (৬৯ পদাতিক ব্রিগেড) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, বান্দরবানের জেলা প্রশাসক নাজনীন সুলতানা, পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ