ATN News
শিরোনাম
  •  

রায়পুরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই কিশোর বন্ধুর

         
রায়পুরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই কিশোর বন্ধুর

রায়পুরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই কিশোর বন্ধুর

নরসিংদীর রায়পুরায় নছিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব মিয়া (১৭) ও জীবন মিয়া (১৭) নামে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে তাদের মৃত্যু হয়।

আজ শনিবার দুপুরে জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

নিহত নিরব মিয়া রাধানগর ইউনিয়নের সাহারচর গ্রামের মধ্যপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে। একই এলাকার জায়েদুল মিয়ার ছেলে জীবন মিয়া। পাশাপাশি বাড়িতে বসবাস করায় ছোটবেলা থেকেই তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। একসঙ্গে বেড়ে ওঠা দুই কিশোরের একসঙ্গে এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার বিকেলে মোটরসাইকেলে করে নরসিংদী শহরে ঘুরতে যায় নিরব ও জীবন। রাতে বাড়ি ফেরার পথে হাসনাবাদ এলাকায় চলন্ত একটি নছিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয় তারা।

পরে স্থানীয় লোকজন আহত দুই কিশোরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঢাকায় নেওয়ার পথেই রাত ১১টার দিকে তাদের মৃত্যু হয়। পরে স্বজনেরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির জানান, শুক্রবার রাতে গুরুতর আহত অবস্থায় ওই দুই কিশোরকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল। এরপর তাদের বিষয়ে আর কোনো তথ্য তিনি জানেন না বলে জানান।

নিরবের মামা সুমন পারভেজ বলেন, নিরব ও জীবন ছোটবেলা থেকেই বন্ধু ছিল। তারা সব সময় একসঙ্গে থাকত। মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যুও একসঙ্গেই হলো।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নছিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোরের মৃত্যুর খবর তিনি বিভিন্ন মাধ্যমে জেনেছেন। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ