ATN News
শিরোনাম
  •  

ছেলের সঙ্গে কথা বলতে গিয়ে বেঁচে গেলেন আসিফ আকবর, গাড়িতে গুলির ঘটনায় যা জানালেন

         
ছেলের সঙ্গে কথা বলতে গিয়ে বেঁচে গেলেন আসিফ আকবর, গাড়িতে গুলির ঘটনায় যা জানালেন

ছেলের সঙ্গে কথা বলতে গিয়ে বেঁচে গেলেন আসিফ আকবর, গাড়িতে গুলির ঘটনায় যা জানালেন

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে এ ঘটনা ঘটে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন আসিফ। ঘটনার সময় তিনি নিজের অফিসে অবস্থান করছিলেন। পরে ছেলের সঙ্গে কথা বলতে গিয়ে অফিস থেকে বের হতে কিছুটা দেরি হওয়ায় বড় ধরনের বিপদ থেকে বেঁচে যান তিনি।

ঘটনার পর শনিবার বিকেলে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আসিফ আকবর। তিনি জানান, বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। এ ঘটনায় উদ্বিগ্ন না হওয়ার জন্য ভক্তদের আশ্বস্তও করেন এই সংগীতশিল্পী।

আসিফ বলেন, ‘বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার বাসায় এসেছিলেন। তারা কথা বলেছেন এবং বিষয়টির তদন্ত করছেন।’

ঘটনার সময়ের বর্ণনা দিয়ে আসিফ জানান, ভোরে তিনি অফিসে বসে ছিলেন এবং বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যে ছেলের সঙ্গে কথা বলার জন্য কিছুটা সময় দেরি করেন। আর ঠিক সেই সময়েই তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত নন আসিফ। কাউকে সন্দেহ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো কাউকে সন্দেহ করতে পারছি না। বলতে পারছি না, কারা এ কাজটা করেছে। যে বা যারা ঘটনাটা ঘটিয়েছে, তারা খুব ভালো করেই জানে, আমি অফিসে কখন যাই এবং কখন অফিস থেকে বের হই। তারা ওই সময়টা বুঝেই টার্গেট করেছে। কিন্তু তাদের টার্গেটটা মিস হয়ে গেছে।’

এদিকে পুলিশের তথ্য অনুযায়ী, হাতিরঝিল থানাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে ছিল আসিফের গাড়ি। ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে এক ব্যক্তি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাড়ির ভেতর থেকে গুলির কার্তুজ উদ্ধার করেছে।

আসিফের গাড়িতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শোবিজের শিল্পী-কলাকুশলীরা। অভিনেতা ওমর সানী, সংগীতশিল্পী ধ্রুব গুহ-সহ অনেকেই ঘটনার দ্রুত ও সঠিক তদন্ত দাবি করেছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ