ATN News
শিরোনাম
  •  

হুথি হামলা ও নৌপথে অস্থিরতা, ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে তেলের দাম

         
হুথি হামলা ও নৌপথে অস্থিরতা, ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে তেলের দাম

হুথি হামলা ও নৌপথে অস্থিরতা, ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে তেলের দাম

সৌদি আরব লক্ষ্য করে ইয়েমেনভিত্তিক হুথি সশস্ত্র গোষ্ঠীর অব্যাহত হামলা, লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ এবং দীর্ঘদিন হরমুজ প্রণালিতে অবরোধ থাকায় বিশ্বজুড়ে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গতকাল শুক্রবার যে দামে অপরিশোধিত তেল বিক্রি হয়েছে, তা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ।

দাম বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয়েরই। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স শুক্রবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে ১১৬ দশমিক ৭২ ডলারে। আগের দিন বৃহস্পতিবারের তুলনায় ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৩ দশমিক ৫৫ ডলার বা শতকরা হিসেবে ৩ দশমিক ১৪ শতাংশ।

একই দিনে যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ১০৩ দশমিক ২৭ ডলারে। বৃহস্পতিবারের তুলনায় এ তেলের দাম বেড়েছে ৩ দশমিক ৮ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ।

বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এর আগে গত ২৯ এপ্রিল অপরিশোধিত তেলের দামে এমন উচ্চতা দেখা গিয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক অভিযান এবং পাল্টাপাল্টি হামলা তীব্র আকার ধারণ করেছিল।

বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৬ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবকে লক্ষ্য করে হুথি গোষ্ঠীর ধারাবাহিক হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এসব হামলার কারণে তেল উৎপাদন ও সরবরাহে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কাও তৈরি হয়েছে।

এ ছাড়া লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি এবং হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথ ঘিরে অস্থিরতা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। এসব নৌপথে চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা দাম বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।

সংযুক্ত আরব আমিরাতে তেল ছড়িয়ে পড়ার ঘটনাও অঞ্চলটির জ্বালানি সরবরাহব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ওয়াল স্ট্রিটে জ্বালানি খাতের শেয়ার ২ দশমিক ৫ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। তবে একই দিন যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচকগুলো পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত, গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তাঝুঁকি এবং তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বিশ্ব জ্বালানি বাজারের গতিপ্রকৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

সূত্র: রয়টার্স

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ