ATN News
শিরোনাম
  •  

বিশ্বজুড়ে মুক্তির দিনে বাংলাদেশের পর্দায় ‘ক্লেফেইস’

         
বিশ্বজুড়ে মুক্তির দিনে বাংলাদেশের পর্দায় ‘ক্লেফেইস’

বিশ্বজুড়ে মুক্তির দিনে বাংলাদেশের পর্দায় ‘ক্লেফেইস’

গ্ল্যামারের আলো ঝলমলে দুনিয়া থেকে মুহূর্তেই অন্ধকার জগতের এক রূপান্তর! সৌন্দর্য হারানোর যাতনা, মানসিক বিপর্যয় আর প্রতিশোধের তীব্র বাসনা নিয়ে আজ পর্দায় হাজির হচ্ছে ডিসি কমিকসের ভয়ংকর ভিলেন ‘ক্লেফেইস’। প্রচলিত সুপারহিরো অ্যাকশনের গণ্ডি পেরিয়ে এক ব্যতিক্রমী বডি-হরর অভিজ্ঞতা নিয়ে প্রেক্ষাগৃহে এসেছে সিনেমাটি।

আজ শুক্রবার বিশ্বজুড়ে একযোগে আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ডিসি কমিকসের অন্যতম চর্চিত চরিত্র নিয়ে নির্মিত সিনেমা ‘ক্লেফেইস’।

জেমস ওয়াটকিন্স পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক ও এডি মারসনের মতো অভিনেতারা। ডিসি কমিকসের পরিচিত জগতে ‘ক্লেফেইস’ এমন এক চরিত্র, যার শরীর কাদার মতো আকৃতি পরিবর্তন করতে পারে। অন্য মানুষের চেহারা ধারণ করার এই অস্বাভাবিক ক্ষমতাই চরিত্রটিকে করে তুলেছে রহস্যময় ও ভয়ংকর।

সিনেমার গল্পের কেন্দ্রীয় চরিত্র ম্যাট হ্যাগেন। উচ্চাকাঙ্ক্ষী এই অভিনেতা নিজের মেধা ও পরিশ্রমে গোথাম থেকে হলিউডের জনপ্রিয় তারকা হয়ে ওঠেন। কিন্তু হঠাৎ এক অপরাধী চক্রের হামলায় মারাত্মকভাবে বিকৃত হয়ে যায় তার মুখমণ্ডল। মুহূর্তেই বদলে যায় তার জীবন। ভেঙে পড়ে ক্যারিয়ার, ব্যক্তিগত সম্পর্ক ও ভবিষ্যৎ নিয়ে দেখা স্বপ্ন।

হারানো সৌন্দর্য ফিরে পাওয়ার আশায় ম্যাট আশ্রয় নেন অত্যাধুনিক এক বৈজ্ঞানিক চিকিৎসার। শুরুতে চিকিৎসাটি তার আগের চেহারা ফিরিয়ে দিতে সক্ষম হলেও এর ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া ধীরে ধীরে তাকে ঠেলে দেয় অন্ধকারের দিকে। শরীরের অস্বাভাবিক পরিবর্তনের পাশাপাশি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। একসময় নিজের মানবিক সত্তা হারিয়ে প্রতিশোধপরায়ণ এক ভয়ংকর চরিত্রে রূপান্তরিত হন ম্যাট।

সাধারণ সুপারহিরো ট্রপ এড়িয়ে এই ছবিটিকে মূলত সাজানো হয়েছে মনস্তাত্ত্বিক আতঙ্ক ও ‘বডি হরর’ ধাঁচে। যেখানে মুখ গলে যাওয়া বা আকৃতি পরিবর্তনের অস্বস্তিকর দৃশ্য এবং বৈজ্ঞানিক গবেষণার অন্ধকার দিক ফুটিয়ে তোলা হয়েছে অত্যন্ত নিখুঁতভাবে। চলচ্চিত্র বোদ্ধাদের মতে, পরিচালক জেমস ওয়াটকিন্স ও চিত্রনাট্যকার মাইক ফ্ল্যানাগানের যৌথ উপস্থিতি সিনেমাটিকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছে।

চিত্রনাট্যের গভীরতা, অনবদ্য ভিজ্যুয়াল ইফেক্টস এবং মেকআপের নিখুঁত কারসাজির কারণে ইতোমধ্যে সিনেমাপ্রেমীদের নজর কেড়েছে এটি। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং ট্রেলার মুক্তির পর থেকেই সমালোচক মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে ‘ক্লেফেইস’।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ