ATN News
শিরোনাম
  •  

চিকিৎসার ভিসা সহজ করার আশ্বাস ভারতের

         
চিকিৎসার ভিসা সহজ করার আশ্বাস ভারতের

চিকিৎসার ভিসা সহজ করার আশ্বাস ভারতের

ভারতে চিকিৎসা নিতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে অনলাইনে আবেদন করার পর সরাসরি কাগজপত্র জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার কারণ খতিয়ে দেখার কথাও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনের সম্মেলনকক্ষে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (আইএমসিএবি) একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন হাইকমিশনার।

বৈঠকে আইএমসিএবির নেতারা বাংলাদেশিদের ভারতীয় ভিসা পেতে নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে অনলাইনে আবেদন করার পর সরাসরি আবেদন জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ বিলম্বের বিষয়টি আলোচনায় আসে। চিকিৎসার প্রয়োজনে ভারতে যেতে আগ্রহী রোগীদের ভিসা প্রক্রিয়া সহজ করার ওপরও গুরুত্ব দেন তারা।

জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, ভারতীয় ভিসা পেতে মানুষের যেসব সমস্যা হচ্ছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসার জন্য ভারতে যেতে আগ্রহী রোগীরা যাতে সহজে ভিসা পেতে পারেন, সে জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনলাইনে নিবন্ধনের পর সরাসরি আবেদন জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট পেতে দেরির কারণও পর্যালোচনা করছে ভারতীয় হাইকমিশন। বিদ্যমান সমস্যাগুলোর সমাধান শিগগিরই হবে বলে আশা প্রকাশ করেন হাইকমিশনার। তবে নতুন উদ্যোগ কার্যকরের নির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি।

বাংলাদেশ ও ভারতের মধ্যে মানুষের যাতায়াত বাড়ানোর ওপরও গুরুত্ব দেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুই দেশের মানুষের যাতায়াত যত বাড়বে, পারস্পরিক বন্ধুত্ব ও বোঝাপড়াও তত দৃঢ় হবে।

আইএমসিএবির সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং নির্বাহী কমিটির সদস্য বাসুদেব ধর, কুদ্দুস আফ্রাদ, মীর আফরোজ জামান, আবু আলী, আমিনুল হক ভূঁইয়া, নির্মল চক্রবর্তী, জাকির হোসেন ও মনির হোসেন।

বৈঠকে ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি কে উপস্থিত ছিলেন।

ইন্টারন্যাশনাল ডেস্ক, এটিএন নিউজ।

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ