ATN News
শিরোনাম
  •  

ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের, হাসপাতালে বাবা

         
ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের, হাসপাতালে বাবা

ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের, হাসপাতালে বাবা

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে দুই ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের বাবা মো. আলম বক্তার। তিনি বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আইয়ুব আলীর বসতঘরের পূর্ব পাশের একটি বাগানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আব্দুর রহিম (৪০) ও মো. রাকিব (৩০)। তারা ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে সহোদর ভাই।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আলম বক্তার তাঁর দুই ছেলে রহিম ও রাকিবকে নিয়ে শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটতে যান। একপর্যায়ে দুই ছেলে গাছে উঠে বড় বড় ডাল কাটছিলেন। এ সময় তাঁদের বাবা গাছের নিচে দাঁড়িয়ে ডালপালা ছোট করছিলেন। হঠাৎ গাছের পাশের একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে আলম বক্তারের ওপর পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

বাবাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে গাছে থাকা ছোট ছেলে রাকিব দ্রুত নিচে নেমে তাকে বাঁচাতে যান। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গাছে থাকা বড় ভাই রহিম বিষয়টি দেখে নিচে নেমে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রহিম ও রাকিবকে মৃত ঘোষণা করেন। তাদের বাবা আলম বক্তার ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী বলেন, খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ