ATN News
শিরোনাম
  •  

অনলাইন নিবন্ধনে ঢাকায় মাসে ২২টি ডিজে পার্টি, আটক ৮৫

         
অনলাইন নিবন্ধনে ঢাকায় মাসে ২২টি ডিজে পার্টি, আটক ৮৫

অনলাইন নিবন্ধনে ঢাকায় মাসে ২২টি ডিজে পার্টি, আটক ৮৫

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে প্রতি মাসে ২০ থেকে ২২টি ডিজে পার্টির আয়োজন করা হতো। ২০২৫ সাল থেকে চলা এসব আয়োজনে অনলাইন নিবন্ধনের মাধ্যমে অংশ নিতেন তরুণ-তরুণীরা। প্রতিটি পার্টিতে অংশগ্রহণের জন্য জনপ্রতি প্রায় ৬০০ টাকা নেওয়া হতো বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির এসব তথ্য জানান।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে ডিজে পার্টির আয়োজন দেখতে পান পুলিশ সদস্যরা। ভবনের সামনে ও আশপাশে প্রায় ২২টি গাড়ি ছিল। ভেতরে উচ্চ শব্দে গান বাজছিল এবং সীসা সেবনের কারণে পরিবেশ ধোঁয়াচ্ছন্ন ছিল।

ডিসি ইলিয়াস কবিরের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় সেখানে ২৬ জন তরুণীসহ বিপুলসংখ্যক তরুণ-তরুণী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ব্যাংকারও ছিলেন। উপস্থিত তরুণীদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তাঁদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীও ছিলেন বলে জানান তিনি।

অভিযানে মদের তিনটি বোতল, ইয়াবা ও ‘কুশ’ নামের একটি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ছাড়া যৌনস্বাস্থ্য-সংশ্লিষ্ট কিছু সামগ্রীও উদ্ধার করা হয়। পুলিশ ভবনে প্রবেশের পর পার্টি বন্ধ হয়ে যায় এবং উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন কক্ষে চলে যান। ভবনটিতে মোট পাঁচটি কক্ষ ছিল।

ডিসি ইলিয়াস কবির বলেন, এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের অনলাইন প্ল্যাটফর্‌ম ব্যবহার করে এসব আয়োজন করা হতো। অনলাইন নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীরা পার্টিতে যোগ দিতেন। প্রতি মাসে ২০ থেকে ২২টি আয়োজন হতো। একটি আয়োজনের ক্ষেত্রে অংশগ্রহণকারীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ৬০০ টাকা নেওয়া হতো বলে জানান তিনি। এ ছাড়া বাড়ি ভাড়া বাবদও অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

ওই বাসা থেকে আটক ৮৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা সম্পর্কে এই কর্মকর্তা জানান, ছেলেদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ১৫ দিন কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, মেয়েদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও তিনদিন কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অনলাইন নিবন্ধন ও অর্থের বিনিময়ে নিয়মিত এসব পার্টির আয়োজন করা হচ্ছিল। তবে আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং অর্থ লেনদেনের বিস্তারিত বিষয়ে আরও তথ্য প্রয়োজন হতে পারে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ