ATN News
শিরোনাম
  •  

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী

         
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী

ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সব নাগরিককে বাংলাদেশি হিসেবে বিবেচনা করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু রাষ্ট্র সবার। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

আজ সোমবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “এই দেশ আপনার, এই দেশ আমার। আমরা সকলে মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটিকে গড়ি।”

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের যেমন রাষ্ট্রের প্রতি অধিকার রয়েছে, তেমনি রয়েছে দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি নাগরিকদেরও একে অপরের পাশে দাঁড়িয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা সকলেই এই দেশের সন্তান, এই দেশের মানুষ, বাংলাদেশি। আমরা প্রত্যেকে মানুষ। এটি হচ্ছে আমাদের সবচেয়ে আগের পরিচয়।”

মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার জন্য যুদ্ধে অংশ নেওয়া মানুষদের মধ্যে ধর্মীয় পরিচয় কোনো বিভেদ তৈরি করেনি। স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে সবাই একসঙ্গে লড়াই করেছেন।

একইভাবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ অংশ নিয়েছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য, মানুষের কথা বলার অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কেউ একে অপরের ধর্মীয় পরিচয় জানতে চাননি।

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, সেদিন বিভিন্ন ধর্মের মানুষ রাজপথে নেমে এসেছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের মধ্যেও বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন। মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁদের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টাতেই দেশের অগ্রগতি সম্ভব।

প্রধানমন্ত্রী আরও বলেন, যখন কেউ ক্ষতিগ্রস্ত হয়, তখন যেমন দেখে না কোন ধর্মের মানুষ, যখন মানুষ ভালো থাকে, তখনো মানুষ দেখে না। শুধু দেখে আপনিও মানুষ, আমিও মানুষ।

প্রধানমন্ত্রী আরও বলেন, আসুন, আমরা আমাদেরকে মানুষ হিসেবে বিবেচনা করি। একজন আরেকজনকে আমরা চিনি, জানি এই দেশের নাগরিক, বাংলাদেশি হিসেবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের সব সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে একটি আনন্দের অনুষ্ঠান। আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে একটি মিলনমেলা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ