ATN
ATN News
শিরোনাম
  •  

এআইয়ের অপব্যবহার ঠেকাতে আদালতে কৃতি স্যানন

         
এআইয়ের অপব্যবহার ঠেকাতে আদালতে কৃতি স্যানন

এআইয়ের অপব্যবহার ঠেকাতে আদালতে কৃতি স্যানন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহারের মাধ্যমে নিজের ছবি, কণ্ঠ ও পরিচয়ের অননুমোদিত ব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। নিজের ডিজিটাল পরিচয় ও ব্যক্তিস্বত্বা সুরক্ষার আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের একক বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে ব্যক্তিস্বত্বার অধিকারসংক্রান্ত আইনি প্রশ্নগুলোর বিষয়ে প্রাসঙ্গিক আদালতের রায়, গবেষণাপত্র ও অন্যান্য নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

কৃতির আইনজীবীদের এসব নথি পর্যালোচনার পর মামলাটিতে বিস্তারিত আদেশ দেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। আগামী ২৯ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

বর্তমানে এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের ছবি, ভিডিও ও কণ্ঠ ব্যবহার করে তৈরি করা হচ্ছে নানা ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর কনটেন্ট। ডিপফেক ভিডিও, ডিজিটাল ছদ্মপরিচয় এবং অনুমতি ছাড়া তারকাদের নাম-ছবি ব্যবহার করে পণ্যের প্রচারের মতো ঘটনাও বাড়ছে। এসব পরিস্থিতিতে ব্যক্তিগত পরিচয় ও বাণিজ্যিক স্বত্বা রক্ষায় আইনি সুরক্ষার প্রয়োজনীয়তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কৃতির আগে বলিউডের একাধিক তারকাও নিজেদের নাম, ছবি, কণ্ঠ ও পরিচয়ের অননুমোদিত ব্যবহার বন্ধে আদালতের শরণাপন্ন হয়েছেন। এআইনির্ভর কনটেন্ট তৈরির বিস্তার বিনোদনজগতের তারকাদের ব্যক্তিস্বত্বা রক্ষার বিষয়টিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

এদিকে, কৃতিকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। গত ১৯ জুন মুক্তি পাওয়া ছবিটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা। তবে মুক্তির পর ছবিটি প্রত্যাশিত সাফল্য পায়নি। বিশেষ করে গল্পের দুর্বলতা নিয়ে সমালোচকদের মধ্যে আলোচনা হয়েছে।

এআইয়ের অপব্যবহার রোধে কৃতির এই আইনি উদ্যোগের মাধ্যমে তারকাদের ডিজিটাল পরিচয় সুরক্ষার বিষয়টি আবারও সামনে এল।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ