ATN
ATN News
শিরোনাম
  •  

ডেঙ্গুতে এক দিনে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৯০০ রোগী

         
ডেঙ্গুতে এক দিনে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৯০০ রোগী

ডেঙ্গুতে এক দিনে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৯০০ রোগী

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৪২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে অক্টোবরের প্রথম ১৬ দিনে ৯৭ জন মারা গিয়েছে। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু’জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৭২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৩১২ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯১ জন। এ নিয়ে চলতি বছরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৪ হাজার ৪৯১ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৬৫ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬০ জন, খুলনায় ২৩৩ জন, বরিশালে ১৯০ জন, রাজশাহীতে ১৭৩ জন, ময়মনসিংহে ৬৭ জন এবং রংপুরে ৫৯ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা অব্যাহত থাকায় এ রোগের সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ