ATN
শিরোনাম
  •  

মেয়ের জন্মদিনের তারিখ নিয়ে প্রচলিত তথ্য শুধরে দিলেন অপূর্ব

         
মেয়ের জন্মদিনের তারিখ নিয়ে প্রচলিত তথ্য শুধরে দিলেন অপূর্ব

মেয়ের জন্মদিনের তারিখ নিয়ে প্রচলিত তথ্য শুধরে দিলেন অপূর্ব

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর মেয়ে আনায়ার জন্মদিন আজ ১৫ অক্টোবর। মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেতা। একই সঙ্গে মেয়ের জন্মতারিখ নিয়ে এত দিন প্রচলিত একটি ভুল তথ্যও সংশোধন করেছেন তিনি।

গত বছরের অক্টোবরে জন্ম হয় অপূর্ব ও তাঁর স্ত্রী শাম্মা দেওয়ানের কন্যা আনায়ার। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে মেয়ের ছবি প্রকাশ্যে আনার পর বিভিন্ন সংবাদমাধ্যমে আনায়ার জন্মতারিখ ১২ ডিসেম্বর বলে উল্লেখ করা হয়েছিল। প্রায় এক বছর পর সেই তথ্যের সংশোধন করলেন অভিনেতা নিজেই। অপূর্বর ভাষ্য অনুযায়ী, গত বছরের ১৫ অক্টোবর পৃথিবীতে আসে তাঁর মেয়ে।

আনায়ার প্রথম জন্মদিনে আবেগঘন বার্তা দিয়েছেন অপূর্ব। মেয়ের উদ্দেশে তিনি লিখেছেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন। আমাদের ছোট্ট রাজকন্যার প্রথম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সত্যিই বুঝতে পারি না, দেখতে দেখতে সময়টা কীভাবে পেরিয়ে গেল! ঠিক এক বছর আগে আজকের এই দিনে তুমি আমাদের পৃথিবীতে এসেছিলে, আর মুহূর্তেই সবকিছু বদলে দিয়েছিলে অপার সৌন্দর্যে।’

মেয়ের বেড়ে ওঠা দেখতে পারাই যেন অপূর্ব ও তার স্ত্রী শাম্মা দেওয়ানের কাছে পরম প্রাপ্তি। অভিনেতা লেখেন, ‘তোমার বেড়ে ওঠা, নতুন নতুন জিনিস আবিষ্কার করা, আর তোমার মিষ্টি হাসি ও আনন্দে আমাদের ঘর ভরিয়ে তোলা—এসব দেখা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আজ তোমার মাথায় হয়তো ছোট্ট একটি মুকুট শোভা পাচ্ছে, কিন্তু জন্মের সেই প্রথম মুহূর্ত থেকেই তুমি আমাদের হৃদয়ের রানির মুকুট পরে আছো।’

সবশেষে মেয়েকে আবারও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অপূর্ব লেখেন, ‘তোমার জীবন যেন সব সময় তোমারই মতো উজ্জ্বল, মায়াময় আর অমূল্য হয়ে থাকে।’

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। এই দম্পতির ঘরে জন্ম নেয় আনায়া। এর আগে ২০১১ সালে অদিতিকে বিয়ে করেছিলেন অভিনেতা। সেই সংসারে তাঁদের ছেলে আয়াশ রয়েছে। অদিতির সঙ্গে বিচ্ছেদের আগে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গেও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অপূর্ব। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ