ATN
শিরোনাম
  •  

ব্যাংককে প্রিয় গায়কের কনসার্টে মেহজাবীন, পূরণ হলো দীর্ঘদিনের স্বপ্ন

         
ব্যাংককে প্রিয় গায়কের কনসার্টে মেহজাবীন, পূরণ হলো দীর্ঘদিনের স্বপ্ন

ব্যাংককে প্রিয় গায়কের কনসার্টে মেহজাবীন, পূরণ হলো দীর্ঘদিনের স্বপ্ন

ছোট পর্দা থেকে বড় পর্দা—অভিনয়ের দুই মাধ্যমেই নিজের অবস্থান শক্ত করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পছন্দ ও স্বপ্ন পূরণেও সময় দিচ্ছেন এই অভিনেত্রী। এবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়ে প্রিয় সংগীতশিল্পী দ্য উইকেন্ডের সরাসরি কনসার্ট উপভোগ করে নিজের আরেকটি স্বপ্ন পূরণ করলেন তিনি।

কানাডিয়ান পপ তারকা দ্য উইকেন্ডের ‘আফটার আওয়ারস টিল ডন ট্যুর’-এর অংশ হিসেবে ব্যাংককে অনুষ্ঠিত কনসার্টগুলোর একটিতে উপস্থিত ছিলেন মেহজাবীন। এ সফরে তার সঙ্গে ছিলেন স্বামী ও নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীব।

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কনসার্ট ঘিরে নিজের অভিজ্ঞতার একটি ট্রানজিশন ভিডিও প্রকাশ করেন মেহজাবীন। ভিডিওতে দ্য উইকেন্ডের গানের সঙ্গে ঠোঁট মেলানোর পাশাপাশি কনসার্ট উপভোগের মুহূর্তও তুলে ধরেন তিনি।

ভিডিওর বিভিন্ন দৃশ্যে দেখা যায়, হোটেলের বিছানা থেকে উঠে প্রস্তুতি নেওয়া, বিমানে যাত্রা এবং হোটেল থেকে বের হওয়ার মুহূর্ত। সবশেষে কনসার্টের আলো-ঝলমলে পরিবেশে স্বামী আদনান আল রাজীবের সঙ্গে প্রিয় শিল্পীর গান উপভোগ করতে দেখা যায় অভিনেত্রীকে। এ সময় গানের সঙ্গে কণ্ঠ মেলাতেও দেখা যায় তাকে।

ভিডিওর ক্যাপশনে মেহজাবীন লেখেন, ‘আরো একটা স্বপ্ন পূরণ হলো—দ্য উইকেন্ডকে লাইভে দেখা ও শোনা।’ তার এই পোস্ট থেকেই প্রিয় শিল্পীকে সরাসরি দেখার দীর্ঘদিনের ইচ্ছা পূরণের আনন্দ স্পষ্ট হয়ে উঠেছে।

২০২২ সালের জুলাইতে শুরু হয়েছিল দ্য উইকেন্ডের এই কনসার্ট ট্যুর। এখনো চলছে এর শো। ট্যুরের অংশ হিসেবে এ পর্যন্ত বিশ্বের ২৯টি দেশে প্রায় ১৭০টি কনসার্ট করেছেন তিনি। ২০২৫ সালের নভেম্বরেই এই মিউজিক্যাল ট্যুরের টিকিট বিক্রির আয় ছাড়িয়েছে ১ বিলিয়ন ডলার। ফলে ইতিহাসের অন্যতম সফল মিউজিক ট্যুর হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, দ্য উইকেন্ডের আসল নাম অ্যাবেল তাসফায়ে। কানাডিয়ান এই শিল্পী বর্তমান সময়ে তরুণদের কাছে বিপুল জনপ্রিয়। চারটি গ্র্যামি, ২০টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার পেয়েছেন। তিনিই প্রথম শিল্পী, স্পটিফাইতে যার ১০০ মিলিয়ন মাসিক শ্রোতা হয়েছিল। শুধু তাই নয়, ২০২৫ সালের সর্বোচ্চ পারিশ্রমিকের সংগীতশিল্পী তিনি। এছাড়া স্পটিফাইয়ের ইতিহাসে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া গান ‘ব্লাইন্ডিং লাইটস’ তারই। প্ল্যাটফর্মটিতে এর স্ট্রিমিং সংখ্যা ৫ দশমিক ৬ বিলিয়নের বেশি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ