ATN
শিরোনাম
  •  

ইরানে হামলার উপযুক্ত সময় নয়, ইঙ্গিত নেতানিয়াহুর

         
ইরানে হামলার উপযুক্ত সময় নয়, ইঙ্গিত নেতানিয়াহুর

ইরানে হামলার উপযুক্ত সময় নয়, ইঙ্গিত নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরানে নতুন করে হামলার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন হওয়ার আগেই ইরানে আরেক দফা হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানে হামলা চালানো সুবিধাজনক নয়।

আজ বুধবার ইসরায়েলি আর্মি রেডিওতে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু এ ইঙ্গিত দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে ঠিক কী কারণে এই মুহূর্তে ইরানে হামলা চালানো উপযুক্ত হবে না, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় পার্লামেন্ট নেসেটের নির্বাচন হবে। অপরদিকে ৪ নভেম্বর হবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন।

চ্যানেল-১২ তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের নির্বাচন হওয়ার আগেই ইরানে আরেকবার হামলা চালাতে ট্রাম্পকে চাপ দিয়েছেন নেতানিয়াহু। এ প্রতিবেদন প্রকাশের পর আজ বুধবার আর্মি রেডিওতে এসে ইঙ্গিত দিলেন, এ মুহূর্তে ইরানে হামলা চালানোর পরিকল্পনা তাদের নেই।

এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন নেতানিয়াহু। তাঁর দল লিকুড পার্টি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারলে বর্তমান জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

উগ্র ডানপন্থি রাজনীতিক বেন-গভির চাইছেন, লিকুড পার্টির সঙ্গে জোট করে আবারও সরকার গঠন করতে পারলে তাঁকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। তবে নেতানিয়াহু স্পষ্ট করেছেন, এই পদ লিকুড পার্টির মধ্যেই থাকবে।

এ বিষয়ে নেতানিয়াহু বলেন, “বেন-গভির এ পদটি চান। কিন্তু এ ব্যাপারে তাঁর কোনো সিদ্ধান্ত নেই এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদটি লিকুড পার্টির মধ্যেই থাকবে।”

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরানও সামরিক প্রস্তুতি জোরদার করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্রের বরাতে জানা গেছে, মার্কিন ও ইসরায়েলি বাহিনী হামলার প্রস্তুতি নিচ্ছে বলে নিশ্চিত হলে ইরান আগেই হামলা চালানোর পদক্ষেপ নিতে পারে।

সব মিলিয়ে, ইরানকে ঘিরে নতুন সামরিক উত্তেজনার আশঙ্কা থাকলেও হামলার সময় ও কৌশল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান এখনো স্পষ্ট নয়। একই সঙ্গে ইসরায়েলের আসন্ন নির্বাচন এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এই পরিস্থিতিতে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে নজর রাখছেন বিশ্লেষকেরা।

সূত্র: আলজাজিরা

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ