ATN
শিরোনাম
  •  

মালয়েশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়, মানিলন্ডারিং মামলায় গ্রেফতার ১

         
মালয়েশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়, মানিলন্ডারিং মামলায় গ্রেফতার ১

মালয়েশিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়, মানিলন্ডারিং মামলায় গ্রেফতার ১

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে দুই ব্যক্তিকে ভিজিট ভিসায় বিদেশে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দায়ের করা মানিলন্ডারিং মামলায় মাসুদ করিম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীর পল্টন থানাধীন পলওয়েল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুদ করিম শরীয়তপুর জেলার সখিপুর থানার মনাই হাওলাদার কান্দি (চরভাগা) গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত মজিবর রহমান হাওলাদার এবং মায়ের নাম সাফিয়া বেগম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই ভুক্তভোগীকে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে অভিযোগ রয়েছে, তাদের ভিজিট ভিসায় মালয়েশিয়ায় নিয়ে বিমানবন্দরের বাইরে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। পরে আন্তর্জাতিক সংঘবদ্ধ মানব পাচার চক্রের সহায়তায় ভুক্তভোগীদের স্বজনদের ফোন করে তাদের মুক্তির বিনিময়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এ সময় ভুক্তভোগীদের শারীরিক ও মানসিক নির্যাতন এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পরবর্তীতে ভুক্তভোগীদের একজন এ ঘটনায় থানায় মামলা করেন।

মামলার অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ভুক্তভোগীদের মুক্তিপণ বাবদ ব্যাংক হিসাবের মাধ্যমে দুই লাখ টাকা আদায় করা হয়। এ ঘটনায় মানব পাচার, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মাধ্যমে অর্থ গ্রহণের অভিযোগের বিষয়ে মানিলন্ডারিং অনুসন্ধান পরিচালনা শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাসুদ করিম এবং তার মালিকানাধীন প্রতিষ্ঠান তাহসিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিরুদ্ধে পল্টন থানার মামলা নং-২০, তারিখ ১২/০৩/২০২৬ খ্রি., ধারা- মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী, ২০১৫)-এর ৪(২) ধারা দায়ের করা হয়।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডি। মামলাটির তদন্তে গ্রেফতারকৃতদের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, পলাতক অভিযুক্ত এবং চক্রটির দেশি-বিদেশি সহযোগী ও সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্ত করতে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সিআইডি বিদেশে কর্মসংস্থান, অভিবাসন বা ভ্রমণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে যাচাই-বাছাই ছাড়া অর্থ বা পাসপোর্ট হস্তান্তর না করতে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র সরকার অনুমোদিত ও বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধতা যথাযথভাবে যাচাই করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।

এছাড়াও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিসা পাইয়ে দেওয়ার নামে অস্বাভাবিক অঙ্কের অর্থ দাবি করলে, পাসপোর্ট জিম্মি করে রাখলে অথবা ভিসা জালিয়াতি, মানবপাচার কিংবা অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত থাকার সন্দেহ হলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সিআইডিকে অবহিত করার জন্যও অনুরোধ করা হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ