ATN
শিরোনাম
  •  

শাকিবের নতুন সিনেমা ‘মহব্বত’-এ আরএনএআর রাকিব

         
শাকিবের নতুন সিনেমা ‘মহব্বত’-এ আরএনএআর রাকিব

শাকিবের নতুন সিনেমা ‘মহব্বত’-এ আরএনএআর রাকিব

সিনেমার সমালোচক হিসেবে পরিচিত রাশেদুজ্জামান রাকিব এবার নাম লেখাতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাণে। দেশের জনপ্রিয় তারকা শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এর চিত্রনাট্যকার হিসেবে কাজ করবেন তিনি। ইউটিউবে ‘আরএনএআর’ নামে পরিচিত এই বিশ্লেষকের হাত ধরেই এবার বড় পর্দার গল্পে নতুন মাত্রা যোগ হওয়ার অপেক্ষায় রয়েছেন দর্শক।

আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টারের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন রাকিব। একই ঘোষণা দিয়েছেন সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফও। ঘোষণায় জানানো হয়, দীর্ঘদিন ধরে সিনেমা নিয়ে বিশ্লেষণ করা রাকিব এবার নিজের ভাবনা ও ভালোবাসাকে গল্পের আকারে তুলে ধরবেন ‘মহব্বত’-এর চিত্রনাট্যে।

ইউটিউবে সিনেমার নানা দিক নিয়ে বিশ্লেষণ করে ইতোমধ্যে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন রাকিব। তাঁর বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি ও সিনেমা নিয়ে বিস্তারিত আলোচনার কারণে রয়েছে আলাদা দর্শকগোষ্ঠী। এবার চিত্রনাট্যকার হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। সমালোচনার মাধ্যমে সিনেমাকে বিশ্লেষণ করা রাকিব গল্পকার হিসেবে কতটা দক্ষতা দেখাতে পারেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন অনেকে।

‘মহব্বত’ নির্মাণ করছেন হিমেল আশরাফ। এর আগে তাঁর পরিচালনায় শাকিব খান অভিনয় করেছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায়। দুটি সিনেমাই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন সিনেমাটিও প্রযোজনা করছে ভার্সেটাইল মিডিয়া। ফলে শাকিব, হিমেল আশরাফ ও প্রযোজনা প্রতিষ্ঠানটির নতুন এই উদ্যোগ ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।

সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে নায়িকা কে হবেন, তা এখনো জানানো হয়নি। গুঞ্জন উঠেছিল, এতে পাকিস্তানের জনপ্রিয় কোনো অভিনেত্রীকে দেখা যাবে। যদিও সে গুঞ্জনকে নাকচ করে দিয়েছেন নির্মাতারা। বলেছেন, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে।

সব মিলিয়ে, শাকিব খানের নতুন সিনেমায় আরএনএআর রাকিবের চিত্রনাট্যকার হিসেবে অভিষেক ‘মহব্বত’ নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এবার বড় পর্দার গল্পে রাকিব কতটা চমক দেখাতে পারেন, সেটিই দেখার অপেক্ষা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ