ATN
শিরোনাম
  •  

কেরানীগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৭ জনের কারাদণ্ড ও জরিমানা

         
কেরানীগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৭ জনের কারাদণ্ড ও জরিমানা

কেরানীগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৭ জনের কারাদণ্ড ও জরিমানা

ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্ট। সোমবার (১২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার কলাতিয়া ও এর আশপাশের বিভিন্ন এলাকায় পরিচালিত চারটি মোবাইল কোর্টে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে কেরানীগঞ্জ উপজেলার মডেল ও দক্ষিণ থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ঝটিকা তদারকি চালানো হয়।

অভিযানকালে মডেল থানার ঘাটারচর এলাকা থেকে ১০ গ্রাম গাঁজাসহ ইমাম হোসেন বাবুকে (৪৬) আটক করা হয়। মাদক ব্যবসা ও সেবনের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। অন্যদিকে, মধ্যেরচর এলাকার একটি পরিত্যক্ত জমি থেকে মাদকসেবনরত অবস্থায় দেলোয়ার (৫৭) ও মো. কাশিমকে (৪৫) আটক করা হয়। তাঁদের কাছে যথাক্রমে ৩ গ্রাম ও ২ গ্রাম গাঁজা পাওয়ায় উভয়কে ১০ দিন করে কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। অন্যদিকে দক্ষিণ থানার বাস্তা, মীরেরবাগ ও আগানগর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে আসামিদের মধ্যে আবুল বাশার হাওলাদারকে ১৫ দিন, অহিদকে ৯০ দিন, তারেকুজ্জামানকে ৩ দিন এবং রাকিবকে ১২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

তবে চর ওয়াশপুর ও নাজিরিপুর এলাকায় অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অভিযুক্তরা পালিয়ে যায়। ওই এলাকাগুলোতে বর্তমানে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া কেরানীগঞ্জ উপজেলার মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার, বলেন,"মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কেরানীগঞ্জকে মাদকমুক্ত না করা পর্যন্ত এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।"

দক্ষিণ থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজিদ-উল-মাহমুদ বলেন,হ্যালো ডিসি অ্যাপ এর মাধ্যমে প্রাপ্ত অভিযোগ এর পরিপ্রেক্ষিতে দক্ষিন থানার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে এলাকার প্রবীণ ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠক হাজি লিটন বলেন,"মাদকের ভয়াবহ থাবা থেকে আমাদের যুবসমাজকে রক্ষা করতে উপজেলা প্রশাসনের এই ঝটিকা অভিযান অত্যন্ত প্রশংসনীয়। তবে শুধু প্রশাসন নয়, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকদেরও নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে হবে। মাদক কারবারীদের তথ্য দিয়ে আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব।"

জনস্বার্থে ও এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এ অভিযান চলমান থাকবে বলে নিশ্চিত করেছে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও উমর ফারুক।

রিপোর্ট : শাহিন গাজী/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ