ATN
শিরোনাম
  •  

বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুরু হচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

         
বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুরু হচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুরু হচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া চর্চা ও প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের লোগো উন্মোচন করেছেন এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। আগামী ২৫ অক্টোবর থেকে বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটিতে শুরু হবে এ প্রতিযোগিতা।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক আয়োজন সামনে রেখে শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এবিজি চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ‘ক্যাপ্টেনস মিট অ্যান্ড গ্রিট’। এতে অংশ নেন ক্রিকেট ও ফুটবলের ২০টি দলের অধিনায়ক, শিক্ষার্থী এবং আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় রাতের ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট। দেশের শীর্ষস্থানীয় ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় পৃথক দুই খেলায় অংশ নিয়ে শিরোপা জয়ের লড়াইয়ে নামবে।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ফেয়ারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

তরুণদের পেশাদার ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে টুর্নামেন্টে আকর্ষণীয় প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ১০ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য ৫ লাখ টাকা। আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করবে। পাশাপাশি ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে তুলতেও ভূমিকা রাখবে।

আয়োজকদের মতে, দেশের ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং তরুণদের জন্য আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিবেশ তৈরির প্রচেষ্টার অংশ এ উদ্যোগ। বসুন্ধরা কিংসের সাফল্য এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবিজি স্পোর্টস সিটির কার্যক্রমের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় পর্যায়েও ক্রীড়া প্রতিযোগিতার পরিসর বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

‘ক্যাপ্টেনস মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান, উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, টি স্পোর্টসের নির্বাহী পরিচালক তাসভির উল ইসলাম, অপারেশন্স ম্যানেজার সালমান হাসান এবং ইকরাম হোসেন রাফি।

অনুষ্ঠানে অংশ নেওয়া অধিনায়কেরা জানান, পেশাদার পরিবেশে নিজেদের মেধা ও দক্ষতা প্রমাণের এমন সুযোগ তাঁদের জন্য গর্বের। তাঁদের প্রত্যাশা, এ আয়োজন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে এবং দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তুলে আনতে সহায়ক হবে।

আগামী ২৫ অক্টোবর শুরু হতে যাওয়া ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ঘিরে ইতোমধ্যে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ক্রিকেট ও ফুটবলের এই সম্মিলিত আয়োজন বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট: এটিএন নিউজ।
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ