ATN
শিরোনাম
  •  

গ্র্যামিতে মনোনয়ন পাওয়ার দৌড়ে ‘ধুরন্ধর ২’, জমা পড়ল একাধিক গান

         
গ্র্যামিতে মনোনয়ন পাওয়ার দৌড়ে ‘ধুরন্ধর ২’, জমা পড়ল একাধিক গান

গ্র্যামিতে মনোনয়ন পাওয়ার দৌড়ে ‘ধুরন্ধর ২’, জমা পড়ল একাধিক গান

২০২৩ সালে ৯৫তম অস্কারে ‘সেরা অরিজিনাল সং’ বিভাগে পুরস্কার জিতে নেয় দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’। গানটি অন্তর্জালেও হয়েছিল বিপুল জনপ্রিয়।

এবার ভারতীয় সিনেমার নজর গ্র্যামির দিকে। ‘ধুরন্ধর’ দিয়ে সংগীতের সর্বোচ্চ পুরস্কার ঘরে আনতে চায় বলিউড। সাম্প্রতিক সময়ে বলিউডের সবচেয়ে সফল সিনেমা ‘ধুরন্ধর’-এর গান জমা দেওয়া হয়েছে গ্র্যামিতে। টি-সিরিজ ও বি৬২ স্টুডিওজ যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে।

আদিত্য ধর নির্মিত ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ সিনেমার ৯টি সাউন্ডট্র্যাক জমা দেওয়া হয়েছে। এসব গানের সবগুলোর সংগীত পরিচালনায় আছেন শাশ্বত সচদেব। জানা গেছে, ‘ধুরন্ধর ২’-এর পুরো অ্যালবাম ‘বেস্ট কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে জমা দেওয়া হয়েছে।

এ ছাড়া অরিজিৎ সিংয়ের কণ্ঠে ‘ফির সে’ গানটি জমা দেওয়া হয়েছে ‘বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে। বম্বে রকার্স, খান সাব, জ্যাসমিন স্যান্ডলাস, রেবল, টোকেন ও সুধীর যাদুবংশীদের পরিবেশনায় ‘আরি আরি’ গানটি পাঠানো হয়েছে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ বিভাগে। অন্যদিকে, ‘জান সে গুজরাতে হ্যায়’ ও ‘কানহাইয়া’ গান দুটি জমা দেওয়া হয়েছে ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে।

বিভিন্ন বিভাগে গান জমা পড়লেও এখনো মনোনয়ন বা পুরস্কার নিশ্চিত হয়নি। গ্র্যামির চূড়ান্ত মনোনয়ন তালিকায় সিনেমাটির কোনো গান জায়গা করে নিতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

এর আগে ২০২৩ সালে ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের পুরস্কার জিতে আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় সংগীতের শক্ত অবস্থান তুলে ধরেছিল। সেই সাফল্যের পর এবার গ্র্যামিতে ‘ধুরন্ধর ২’-এর সম্ভাবনা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’-এ নাম ভূমিকায় আছেন রণবীর সিং। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, সারা অর্জুন, দানিশ পান্দোর, রাকেশ বেদী প্রমুখ। দুই পর্বের সিনেমাটি সম্মিলিতভাবে বিশ্বব্যাপী ৩ হাজার কোটি রুপিরও বেশি আয় করেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ