তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
আজ শনিবার ঢাকা মহানগরীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমদ সরণির ৭৭ নম্বর হোল্ডিংয়ে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডের সামনের পশ্চিম পাশের ফুটপাতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিটন চাকমা (২৪) ও লাতো চাকমা (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধানমন্ডি সার্কেলের একটি দল এ অভিযান পরিচালনা করে। অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে গ্রেপ্তার দুই ব্যক্তির দেহ তল্লাশি করে ৮ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০ ও ২০২৬) অনুযায়ী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
