ATN
শিরোনাম
  •  

‘লজ্জা’ সিনেমার শুটিংয়ে সাংবাদিকদের সঙ্গে দূরত্ব, ফারিয়ার বক্তব্যে নতুন বিতর্ক

         
‘লজ্জা’ সিনেমার শুটিংয়ে সাংবাদিকদের সঙ্গে দূরত্ব, ফারিয়ার বক্তব্যে নতুন বিতর্ক

‘লজ্জা’ সিনেমার শুটিংয়ে সাংবাদিকদের সঙ্গে দূরত্ব, ফারিয়ার বক্তব্যে নতুন বিতর্ক

ঢালিউডে এমনিতেই কর্মখরা। ফলে কাজের চেয়ে কথা হয় বেশি। একটা ইস্যু আসে, নানা চর্চা হয়; কদিন পর ফের নতুন ইস্যু। যেমন আজ শনিবার (১০ অক্টোবর) চর্চার কেন্দ্রে অভিনেত্রী নুসরাত ফারিয়ার এক কাণ্ড। সাংবাদিকদের এড়াতে শুটিং স্পট থেকে ‘নাটকীয়ভাবে’ চলে গেছেন তিনি। এখন অভিনেত্রী আর বিনোদন সাংবাদিকরা যেন মুখোমুখি অবস্থানে!

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনা ও এম এইচ খোকনের পরিচালনায় নতুন সিনেমা ‘লজ্জা’য় অভিনয় করবেন ফারিয়া, এ খবর পুরনো। শুক্রবার (৯ অক্টোবর) প্রযোজক আবদুল আজিজ জানালেন, শনিবার থেকে উত্তরার দিয়াবাড়িতে হবে এর শুটিং। সেখানে সাংবাদিকদের ‘নম্র’ সুরেই আমন্ত্রণ জানান তিনি। সময়-স্থান উল্লেখ করে দিয়ে ‘সবাইকে আসার অনুরোধ’ জানান আজিজ। তিনি এবং ফারিয়া গণমাধ্যমের সঙ্গে কথাও বলবেন, এমনই ছিল বার্তা।

নির্ধারিত সময় সকাল ৮টায় শুটিং স্পটে উপস্থিত হন সাংবাদিকেরা। সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, সেখানে সাংবাদিকদের উপস্থিতিতে সিনেমার একটি দৃশ্যের শুটিং করা হয়। তবে এরপর প্রত্যাশিত সাক্ষাৎকার পর্ব শুরু হওয়ার আগেই স্থান ত্যাগ করেন নুসরাত ফারিয়া। এ সময় শারীরিক অসুস্থতার কারণ হিসেবে পেটের সমস্যার কথা জানান তিনি বলে উপস্থিত সাংবাদিকদের দাবি।

ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিয়া বলেন, শুটিং স্পটে আমন্ত্রণ পাওয়ার আগে সাংবাদিকদের জেনে নেওয়া উচিত, কী উদ্দেশ্যে তাঁদের ডাকা হচ্ছে এবং সংশ্লিষ্ট শিল্পী সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে অবগত ও সম্মত কি না।

ফারিয়ার বক্তব্য, অনেক সময় সাক্ষাৎকারের আশ্বাস দিয়ে সাংবাদিকদের শুটিং স্পটে নেওয়া হলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন হতে পারে। তাই কোনো শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার কথা বলা হলে, সেখানে যাওয়ার আগে তাঁর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন।

প্রযোজক আবদুল আজিজ বললেন, ‘তাকে (নুসরাত ফারিয়া) জিজ্ঞেস করিনি। কারণ এটা খুবই সাধারণ ব্যাপার যে, সাংবাদিকরা আসলে শিল্পীরা কথা বলবে। আগে সবসময় এমনই হয়েছে। তাই তার অনুমতি নেওয়ার কথা মনে আসেনি।’

এ ঘটনার জন্য সাংবাদিকদের প্রতি দুঃখপ্রকাশও করেছেন জাজ-কর্ণধার।

উল্লেখ্য, ‘লজ্জা’ সিনেমায় ফারিয়ার সঙ্গে আজমেরী হক বাঁধনেরও অভিনয়ের কথা রয়েছে। জাজের সঙ্গে সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ