ATN
শিরোনাম
  •  

ক্যানসারের সঙ্গে দুই বছরের লড়াই, মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বাসায় ইবরার টিপু

         
ক্যানসারের সঙ্গে দুই বছরের লড়াই, মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বাসায় ইবরার টিপু

ক্যানসারের সঙ্গে দুই বছরের লড়াই, মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বাসায় ইবরার টিপু

সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু ক্যানসারে আক্রান্ত হয়ে সঙ্গে প্রায় দুই বছর ধরে চিকিৎসা নিচ্ছেন। এরই মধ্যে সম্প্রতি তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর বর্তমানে যুক্তরাষ্ট্রে নিজ বাসায় রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গীতিকার কবির বকুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, ইবরার টিপু এখন ‘জীবন-মৃত্যুর’ সন্ধিক্ষণে লড়াই করছেন

কবির বকুল তার পোস্টে লেখেন, ‘আমার ভাই, আমাদের সবার প্রিয় সংগীত পরিচালক ইবরার টিপু খুব অসুস্থ। গত প্রায় দুই বছর ধরে কিডনি ক্যানসারের সাথে লড়ছেন, যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছে। কিছুদিন আগে তার ব্রেইন সার্জারিও হয়েছে। বেশ অনেক দিন হাসপাতালে থাকার পর এখন তিনি বাসায় ফিরেছেন।’

কবির বকুলের ভাষ্য অনুযায়ী, ইবরার টিপুর স্ত্রী সংগীতশিল্পী বিন্দু কণা জানিয়েছেন, হাসপাতাল থেকে অনেকটা জোর করেই তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। পরিবারের ধারণা, হাসপাতালে তার যথাযথ চিকিৎসা হচ্ছিল না। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল বা চিকিৎসকদের কোনো বক্তব্য জানা যায়নি।

পোস্টে কবির বকুল আরও জানান, সম্প্রতি তার সহধর্মিণী দিনাত জাহান মুন্নীর মাধ্যমে ভিডিও কলে ইবরার টিপুর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। এ বছরের রোজার ঈদে নিউইয়র্কে কবির বকুলের বাসায় গিয়েছিলেন ইবরার টিপু। সেটিই ছিল তাদের সর্বশেষ সরাসরি দেখা।

দীর্ঘদিন পর ভিডিও কলে কথা বলার অভিজ্ঞতা তুলে ধরে কবির বকুল লেখেন, অসুস্থতার মধ্যেও ইবরার টিপুর চোখে-মুখে সেই পরিচিত মায়া দেখতে পেয়েছেন তিনি। দূরে অবস্থান করায় বন্ধুর এই কঠিন সময়ে পাশে থাকতে না পারার কষ্টও প্রকাশ করেন গীতিকার।

ইবরার টিপুর সংগীতজীবনের অবদানের কথা উল্লেখ করে কবির বকুল বলেন, তার সুর ও সংগীতায়োজনে তৈরি হয়েছে বহু জনপ্রিয় গান। এর মধ্যে রয়েছে ‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’, ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ এবং ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’। নিজের সংগীতজীবনে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল বলেও জানান কবির বকুল।

সহকর্মী ও কাছের মানুষ ইবরার টিপুর বর্তমান শারীরিক অবস্থা তাকে ব্যথিত করেছে উল্লেখ করে কবির বকুল লেখেন, ‘আমার সংগীত জীবনে তার সাথে অনেক কাজ করার সৌভাগ্য হয়েছে। আমার দেখা একজন মৃদুভাষী, সদাহাস্য সজ্জন মানুষ- হঠাৎ যেন তার পৃথিবী উল্টে গেল। সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আল্লাহ ভরসা।’

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ