ATN
শিরোনাম
  •  

চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরা উদ্ধার হয়নি, ঢাকার পথে জার্মান পর্যটক

         
চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরা উদ্ধার হয়নি, ঢাকার পথে জার্মান পর্যটক

চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরা উদ্ধার হয়নি, ঢাকার পথে জার্মান পর্যটক

নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার থেকে চুরি হওয়া নিজের ম্যাকবুক ও ডিএসএলআর ক্যামেরার খোঁজে রাজশাহীতে এসেছিলেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। তবে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার না হওয়ায় তিনি ঢাকায় ফিরে গিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ‘পদ্মা এক্সেপ্রেস’ ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন এই পর্যটক।

পুলিশ জানিয়েছে, জার্মান পর্যটকের চুরি যাওয়া মালামাল উদ্ধারে রাজশাহী মহানগর পুলিশ, গোয়েন্দা পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। সর্বশেষ বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত চুরির মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দুপুরে সান্তাহার রেলস্টেশন থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোরের উদ্দেশ্যে রওনা হন ক্রিল ল্যান্ডার। বিকেলে নাটোর রেলস্টেশনে নামার পর ভারত যাওয়ার উদ্দেশ্যে দর্শনা স্টেশনে যাওয়ার কথা ছিল তার।

নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগারে অবস্থানকালে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যান তিনি। যাওয়ার আগে নিজের ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র একজন ব্যক্তির কাছে দেখতে দেন। ওই ব্যক্তি নিজেকে ট্রেনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে জানান ক্রিল।

এটিএম থেকে টাকা তুলে ফিরে এসে তিনি দেখতে পান, ওই ব্যক্তি ও তার ব্যাগ—দুটিই নেই। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কোনো কর্মকর্তা নন। ব্যাগের মধ্যে তার ম্যাকবুক ও ক্যামেরা ছিল।

চুরি যাওয়া মালামালের লোকেশন রাজশিয়ায় দেখা যাওয়ার পর বুধবার রাত ১১টার দিকে রাজশাহীতে আসেন ক্রিল ল্যান্ডার। রাতে রাজশাহী রেলস্টেশনের একটি হোটেলে পুলিশ তার থাকা ও খাওয়ার ব্যবস্থা করে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তিনি রাজশাহী রেলওয়ে থানায় অবস্থান করেন।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ল্যাপটপটির অবস্থান রাজশাহীর রেলগেট এলাকায় দেখা যায়। পরে রাত ১১টার দিকে ওই পর্যটক রাজশাহীতে আসেন। তখন ল্যাপটপটির অবস্থান মহিলা কলেজের আশপাশে দেখা যায়। এরপর রেলওয়ে পুলিশ, বোয়ালিয়া থানা, ডিবি ও এসআরবির সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। ল্যাপটপে কোনো সিম না থাকায় সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। রাতে অবস্থানের পরিবর্তন দেখা যায়নি।

তিনি বলেন- বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে আব্দুলপুর রেলস্টেশনের কাছে ল্যাপটপটির অবস্থান শনাক্ত হয়। তখন তিতুমীর ও বনলতা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালায় রেলওয়ে পুলিশ। কিন্তু ল্যাপটপ বা ক্যামেরা উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা অব্যাহত আছে। বিদেশি পর্যটক আমাদের মেহমান। তার জিনিসপত্র যাতে দ্রুত ফিরিয়ে দেওয়া যায়, সে জন্য পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। তিনি বিকেল চারটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ‘পদ্মা এক্সেপ্রেস’ ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ