ATN
শিরোনাম
  •  

রংপুরে চোরাই মোটরসাইকেলের বড় চালান উদ্ধার, গ্রেপ্তার ৪

         
রংপুরে চোরাই মোটরসাইকেলের বড় চালান উদ্ধার, গ্রেপ্তার ৪

রংপুরে চোরাই মোটরসাইকেলের বড় চালান উদ্ধার, গ্রেপ্তার ৪

রংপুরে অভিযান চালিয়ে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে চক্রটির আরও এক সদস্য পলাতক রয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রংপুরের মিঠাপুকুর উপজেলার কয়ারমারী এলাকার মোস্তাফিজুর রহমান (২৮), পীরগঞ্জ উপজেলার শাহাপাড়া হাজীপুর এলাকার হুমায়ুন কবীর রাব্বী (১৯), বদরগঞ্জ উপজেলার কুতুবপুর বালুয়াপাড়ার ওবায়দুল হক (৩৪) এবং একই উপজেলার জামুবাড়ী যাদুনগর গ্রামের রমজান আলী (১৯)। এ চক্রের সদস্য রাহাত মিয়া (২০) বর্তমানে পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর রংপুর মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০তলা ভবনের নিচে সিঁড়ির বাম পাশে এবং মোটরসাইকেল গ্যারেজের পূর্ব পাশে নিজের মোটরসাইকেল রেখে কোর্ট হাজতখানার আসামি-সংক্রান্ত বিষয়ে কোর্ট ইন্সপেক্টরের সঙ্গে দেখা করতে যান পুলিশের এসআই রিয়াজুল ইসলাম। কাজ শেষে ফিরে এসে তিনি দেখতে পান, তার মোটরসাইকেলটি নেই।

পরে আশপাশে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান না পেয়ে আদালত চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, অজ্ঞাতনামা দুই থেকে চারজন ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করেন এসআই রিয়াজুল ইসলাম।

মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও সোর্সের মাধ্যমে মোস্তাফিজুর রহমানকে শনাক্ত করে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হুমায়ুন কবীর রাব্বী, ওবায়দুল হক ও রমজান আলীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে মোট তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সিও রোড ব্রিজ-সংলগ্ন মেসার্স মুগ্ধ রিকন্ডিশন বাইক সেন্টারে অভিযান চালিয়ে আরও ছয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় নয়টি চোরাই মোটরসাইকেল।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি জানান, গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চক্রটির সঙ্গে আরও কারা জড়িত এবং আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আসামিদের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ