ATN
শিরোনাম
  •  

মতিঝিলের হিরাঝিল হোটেলকে নিরাপদ খাদ্য আইনে ৩ লাখ টাকা জরিমানা

         
মতিঝিলের হিরাঝিল হোটেলকে নিরাপদ খাদ্য আইনে ৩ লাখ টাকা জরিমানা

মতিঝিলের হিরাঝিল হোটেলকে নিরাপদ খাদ্য আইনে ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর মতিঝিলে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্ট।

বুধবার (৭ অক্টোবর) মতিঝিলের ২২ নম্বর বাণিজ্যিক এলাকায় অবস্থিত হিরাঝিল হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অনুপম দাস অনুপের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে হোটেলের রান্নাঘরে বিভিন্ন অনিয়ম ও খাদ্য নিরাপত্তার ঘাটতি পাওয়া যায়।

অভিযানকালে রান্নাঘরের মেঝে নোংরা ও স্যাঁতসেঁতে অবস্থায় দেখতে পাওয়া যায়। এছাড়া ঢাকনাবিহীন ময়লার পাত্র রাখা ছিল। হোটেলে কোনো ধরনের লেবেল ছাড়াই ঘি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা যায়। খাদ্য প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ ব্যবহার করতেও দেখা যায়নি।

এ ছাড়া হোটেল কর্তৃপক্ষ পানি পরীক্ষার সনদ এবং পেস্ট কন্ট্রোলের প্রমাণক প্রদর্শন করতে ব্যর্থ হয়।

এসব অনিয়ম ও অপরাধের বিষয় হোটেল কর্তৃপক্ষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার, ঢাকা মেট্রোপলিটন জনাব মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিল।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ