ATN
শিরোনাম
  •  

জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা, বাড়ল আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানির দামও

         
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা, বাড়ল আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানির দামও

জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা, বাড়ল আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানির দামও

দেশে আবারও বাড়ানো হয়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন করে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করেছে ১৮২ টাকা ৭১ পয়সা। এর আগে সেপ্টেম্বর মাসে প্রতি লিটারের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।

ফলে এক মাসের ব্যবধানে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম প্রতি লিটারে বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা। শতাংশের হিসাবে এ দাম বৃদ্ধির হার প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।

আজ বুধবার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কমিশনের সচিব মো. নজরুল ইসলাম সরকার।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর গড় প্ল্যাটস রেট এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে উল্লেখিত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার (শুল্ক ও মূসকমুক্ত) ১.০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, নতুন এ মূল্য ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

নতুন মূল্য দেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরসহ সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে প্রযোজ্য হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ