ATN
শিরোনাম
  •  

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা পড়ার শঙ্কা

         
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা পড়ার শঙ্কা

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা পড়ার শঙ্কা

ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। ধসে পড়া এই ভবনের ধ্বংসাবশেষে অনেকেই আটকা পড়েছেন বলে স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন। বুধবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দিল্লির সত্য নিকেতনে এক হোস্টেল দুর্ঘটনায় সাতজনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার ঠিক এক মাসের মাথায় সীমাপুরী এলাকায় ওই পাঁচতলা ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পাওয়ার পরপরই দুর্ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ গাড়ি মোতায়েন করা হয়েছে বলে দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) জানিয়েছে।

ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে ভবনটির ধ্বংসাবশেষের আশপাশে বিপুলসংখ্যক মানুষকে দেখা গেছে। উদ্ধারকাজে সহায়তার জন্য স্থানীয়দেরও ধ্বংসস্তূপ সরাতে দেখা যায়। অনেকে হাতে করে বড় বড় পাথরের স্ল্যাব সরানোর চেষ্টা করছেন।

এদিকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্সের দ্রুত যাতায়াত নিশ্চিত করতে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে দিল্লি ট্রাফিক পুলিশ বলেছে, সীমাপুরীতে বহুতল ভবন ধসে পড়েছে এবং উদ্ধারকারী বিভিন্ন দল দুর্ঘটনাস্থলে কাজ করছে। যে কারণে সীমাপুরী গোল চত্বর, ডিএলএফ ভোপুরা এবং এর আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

ফাঁকা লেনে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যানবাহনকে দ্রুত চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ