ATN
শিরোনাম
  •  

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণ, প্রাণ গেল শ্রমিকের

         
নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণ, প্রাণ গেল শ্রমিকের

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণ, প্রাণ গেল শ্রমিকের

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার হাজি ইসারত আলী চালকলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে চালকলের শ্রমিকরা ধান সিদ্ধ করার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে চালকলের বয়লার বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছোটাছুটি শুরু করেন।

পরে ধোঁয়া কিছুটা কমে এলে শ্রমিকরা চাতালে গিয়ে আব্দুল খালেককে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিস্ফোরণে আহত চার শ্রমিক বর্তমানে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সময় চাতালে কাজ করছিলেন নারী শ্রমিক হামিদা বেগম। তিনি বলেন, ‘হঠাৎ করেই বিকট শব্দ হয়। এরপর ধোঁয়ার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। ধোঁয়া কমে গেলে ফিরে এসে দেখি খালেক ভাই পড়ে আছেন। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। চাতালগুলোতে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমরা নিরাপদ পরিবেশে কাজ করতে চাই।’

এদিকে দুর্ঘটনার পর থেকে চালকলের মালিক পলাতক রয়েছেন বলে জানা গেছে।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও বলেন, নিহত আব্দুল খালেকের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ